পেট কেটে এফোঁড় ওফোঁড়! চলছে ক্যান্সারের সঙ্গে অদম্য লড়াই, ভয়ঙ্কর পরিস্থিতির মুখে বর্ষীয়ান অভিনেত্রী

নাফিসা আলি

কিছু ভুলের মাশুল আজীবন গুনতে হয়। তেমনই এক ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে জনপ্রিয় অভিনেত্রীরর সঙ্গে। সালটা ২০১৮, সেই বছর থেকেই শুরু হয়েছে মারণ রোগ ক্যানসারের সঙ্গে অদম্য লড়াই। চিকিৎসকের গাফিলতিতে রোগ নির্ণয়ে বিলম্ব হওয়ার মাশুল আজও গুনতে হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রীকে। সেই সময় থেকেই শুরু হয় কঠিন লড়াই, যার প্রতিটি ধাপ ছিল যন্ত্রণায় ভরা।

সম্প্রতি কয়েক মাস আগেই তৃতীয় বার ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। জানা যায় তাঁর ডিম্বাশয়ের ক্যানসার এখন চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। স্ক্যানে দেখা গিয়েছে, ক্যানসার এ বার তাঁর লিভারের উপরিভাগেও ছড়িয়েছে। সম্প্রতি হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে, যা দেখলে শিউরে উঠবে যে কেউ।

চলতি বছরেই বড়সড় অস্ত্রোপচারও হয় অভিনেত্রীর। পেটের এপ্রান্ত থেকে ওপ্রান্ত এফোঁড়-ওফোঁড়। ক্যান্সারের কারণে পাকস্থলিতে ১৮ ইঞ্চি লম্বা সেলাই হয়েছে। অভিনেত্রীর এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আঁতকে উঠছে অনুরাগীরাও।

কিছু দিন আগে কেমোথেরাপির ফলে কী ভাবে চুল উঠে গিয়েছিল সেই ছবিও ভাগ করেছিলেন অভিনেত্রী। তবে সেটাকেও হাসিমুখে গ্রহণ করেছিলেন।
এমনকি পরিবারের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, যেমন নাতির হাতে চুল কাটার দৃশ্য, সেগুলিও তিনি শেয়ার করেছিলেন। কঠিন পরিস্থিতিতেও জীবনের আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা কখনও থামাননি তিনি। আজও অদম্য সাহস নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নাফিসা আলি।

তবে অসুস্থতা তাঁকে কাজ থেকে পুরোপুরি দূরে রাখতে পারেনি। ক্যানসার ধরা পড়ার চার বছর পর, ২০২২ সালে সূরজ বড়জাত্যার ‘উঁচাই’ ছবিতে অমিতাভ বচ্চনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন নাফিসা।

নাফিসা আলি