টেলিভিশন জগতে ফের বিচ্ছেদ, আচমকাই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেই আলাদা হলেন এই তারকা যুগল

টেলিভিশন জগতে ফের বিচ্ছেদের সুর। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে আলাদা হলেন টেলিভিশন পর্দার দুই জনপ্রিয় মুখ। রিয়্যালিটি শো থেকে শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক। তাঁদের জুটি পরবর্তীকালে সকলের দৃষ্টি আকর্ষণ করে। আচমকাই তাঁদের বিচ্ছেদের খবরে মন খারাপ তাঁদের ভক্তদের।

স্প্লিটসভিলা X6 খ্যাত নিহারিকা তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি সোরাব বেদীর সঙ্গে আর সম্পর্কে নেই। নিহারিকা লেখেন, সবার জন্য একটি ব্যক্তিগত বার্তা। সোরাব এবং আমি আর একসাথে নেই। আমি কাউকে কষ্ট দিতে চাই না, এবং আমি এটা খুব স্পষ্ট করে বলতে চাই যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো ভান ছিল না। আমাদের মধ্যে যা কিছু ছিল, তা সত্যি ছিল এবং আমি সবসময় তার প্রতি শ্রদ্ধাশীল থাকব”।

তারকা যুগল

নিহারিকা এরপর ব্যাখ্যা করেন যে, “কখনও কখনও, নিজের ভবিষ্যৎ, নিজের বিকাশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, নিজের মানসিক শান্তির জন্য কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হয়। আমার জন্য এটি তেমনই একটি সিদ্ধান্ত।”

স্প্লিটসভিলা X6 চলাকালীন নিহারিকা ও সোরাবের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা সম্পর্কে জড়ান। রিয়েলিটি শো শেষ হওয়ার পরেও তাদের এই বন্ধন বেশ সকলের নজর কেড়েছিল। কিন্তু অবশেষে সেই সম্পর্কে ইতি টানলেন তারা।