
বাংলা টেলিভিশনের ব্যস্ত শুটিং শিডিউলের মাঝে অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। শরীর ভালো না থাকলেও পেশাদারিত্বের খাতিরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। বেশ কয়েক দিন ধরেই জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছেন অভিনেতা। তবে নিজের অসুস্থতার কারণে ধারাবাহিকের শুটিং যাতে ব্যাহত না হয়, সেই দিকেই বিশেষ নজর রাখছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রণজয়।
ভিডিয়োতে অভিনেতাকে বেশ দুর্বল অবস্থায় নিজের অসুস্থতার কথা বলতে শোনা যায়। তিনি জানান, গত দু’-তিন দিনের ধারাবাহিকের পর্ব দেখে নিজেই সন্তুষ্ট হতে পারেননি। জ্বরের কারণে শরীরে একেবারেই শক্তি নেই, এমনকি অনেক সময় সংলাপ বলতেও অসুবিধা হচ্ছে তাঁর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েক দিন বিশ্রামে থাকার প্রয়োজন থাকলেও, কাজের চাপে সেই সুযোগ পাচ্ছেন না অভিনেতা। কারণ, মেগা সিরিয়ালের শুটিংয়ে সামান্য বিরতি পড়লেও তার প্রভাব পড়তে পারে গোটা টিমের উপর। তাই অসুস্থ শরীর নিয়েই নিজের দায়িত্ব পালন করে চলেছেন রণজয়। তাঁর এই পরিস্থিতির কথা জানতে পেরে উদ্বিগ্ন অনুরাগীরা, পাশাপাশি প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁরা।
রণজয় আরও জানান, “সেটে গেলে অধিকাংশ সময় আমাকে শুয়ে থাকতে দেওয়া হচ্ছে। শুধু শট দেওয়ার সময় ক্যামেরার সামনে যাচ্ছি। সবাই আমাকে সব রকমভাবে সাহায্য করছেন। আপনাদের আশীর্বাদে খুব শীঘ্রই আমি আগের মতো এনার্জি নিয়ে ফিরে আসব। সবাই আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন।”
