
বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের জগতে কৌশিকী চক্রবর্তী এক অত্যন্ত পরিচিত নাম। কিংবদন্তি সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর কন্যা হওয়ায় ছোটবেলা থেকেই সুরের পরিবেশে বড় হয়েছেন তিনি। আর মায়ের সেই সঙ্গীতের ঐতিহ্য যেন কিছুটা হলেও ছুঁয়ে গিয়েছে তাঁর ছেলে ঋষিতকেও। ছোট থেকেই গানবাজনার সঙ্গে পরিচিত ঋষিত। মাঝেমধ্যেই মায়ের সঙ্গে মঞ্চে তার উপস্থিতি দর্শকদের মন জয় করে নেয়।
একসময় জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র মঞ্চে দেখা গিয়েছিল কৌশিকী চক্রবর্তীর ছেলে ঋষিতকে। তবে প্রতিযোগী হিসেবে নয়, বরং মায়ের অনুষ্ঠান দেখতে ছোট্ট অতিথি হিসেবেই হাজির হয়েছিল সে। আর সেখানেই মা-ছেলেকে ঘিরে তৈরি হয়েছিল এক মজার মুহূর্ত।
অনুষ্ঠানের এক প্রতিযোগী, নদিয়ার মেয়ে দেয়াশিনী রায়, কৌশিকীর সঙ্গে কথোপকথনের সময় জানান যে তিনি নিজের মাকে ভীষণ ভয় পান। প্রতিযোগীর মুখে এমন কথা শুনে মজার ছলেই নিজের ছেলের প্রসঙ্গ টেনে আনেন কৌশিকী। তাঁর কথায়, “কী যে শুনে আমার ভালো লাগছে! আমার ছেলে যদি আমাকে একটু ভয় পেত, কী খুশিই হতাম। একটুও ভয় নেই, এত বড় হনুমান!”
গায়িকার এমন মন্তব্য শুনে সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন আবীর। তিনি বলেন, ছেলেকে সকলের সামনে এভাবে বলা উচিত নয়। তবে কৌশিকীও নিজের বক্তব্যে অনড় থেকে জানান, মাকে কেউ ভয় পেলে তিনি খুশিই হন। এরপরেই তার ছেলে ঋষিতকে মঞ্চে ডেকে নেওয়া হয়।
মঞ্চে ছেলেকে দেখেই স্নেহভরে ‘বাবু’ বলে ডেকে ওঠেন কৌশিকী। মায়ের অভিযোগ শুনে ছোট্ট ঋষিত অবশ্য পাল্টা দাবি করে, মায়ের কথা ভুল। সে নাকি মাকে ভয় পায়, বিশেষ করে যখন রেওয়াজ করতে বসে! মা-ছেলের এই খুনসুটি দেখে মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শকরাও।
