‘বড় টিউমারের মতো…টেস্ট করে জানতে পারলাম…’, স্বামীকে হারানোর শোক কাটতে না কাটতেই অসুস্থ ‘মা মাসি কিচেনে’খ্যাত সুমিতা বসু, চলছে চিকিৎসা, কি জানালেন?

সুমিতা বসু

স্বামীকে হারানোর শোক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ‘মা মাসি কিচেন’-এর পরিচিত মুখ সুমিতা বসু। একের পর এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই নতুন করে শারীরিক সমস্যায় পড়তে হল তাঁকে। সম্প্রতি নিজের অসুস্থতা এবং চিকিৎসার বিষয় নিয়ে একটি ভিডিওর মাধ্যমে সেই ।

কয়েকদিন আগে হঠাৎই তাঁর মুখের ভিতরের একটি অংশ অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। বিষয়টি দেখে প্রথমে বেশ ভয় পেয়ে যান তিনি। ফুলে যাওয়ার ধরন দেখে সেটিকে টিউমার বলেই আশঙ্কা করেছিলেন। কী হয়েছে বুঝতে না পেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি।

এরপর পরিবারের সাহায্যে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেন্টাল এক্স-রে করান মাসিমা। সেই পরীক্ষার রিপোর্টেই পরিষ্কার হয়ে যায়। জানা যায়, কোনও টিউমার নয়, বরং পুরনো আক্কেল দাঁতের সংক্রমণের কারণেই মুখের ভিতরের ওই অংশ ফুলে গিয়েছিল।

সুমিতার দেবীর কথায়, এই আক্কেল দাঁতের সমস্যা নতুন নয়। গর্ভাবস্থার সময় থেকেই দাঁতটি আটকে থাকার সমস্যা ছিল। এতদিন সেই সমস্যা থাকলেও এবার সংক্রমণের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। চিকিৎসা শুরু হওয়ার পর অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে আপাতত সমস্যার তীব্রতা কিছুটা কমেছে। তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।

বর্তমানে তাঁকে দিনে চারটি করে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে বলে জানিয়েছেন মাসিমা। দীর্ঘদিনের ওষুধ এবং চিকিৎসার কারণে শরীরও বেশ দুর্বল হয়ে পড়েছে। শক্ত খাবার খেতেও সমস্যা হচ্ছে তাঁর। তাই আপাতত মেয়ের বাড়িতে রয়েছেন তিনি। মেয়েই তাঁর জন্য নরম খাবারের ব্যবস্থা করছেন এবং প্রয়োজনীয় যত্ন নিচ্ছেন।

স্বামী জ্যোতিপ্রসাদ বসুর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সুমিতা বসু। দীর্ঘ ৪৭ বছরের দাম্পত্যের সঙ্গীকে হারানোর শোক সামলে ওঠার আগেই এবার শারীরিক অসুস্থতা তাঁকে আরও বিপাকে ফেলেছে। একা থাকার ভয় এবং এই মুহূর্তে পরিবারের পরিচর্যার প্রয়োজনেই কয়েকদিন মেয়ের কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।