
বিনোদন দুনিয়ায় ফের খুশির খবর। মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নিজের প্রেগন্যান্সির কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর ভক্তরা খবর পাওয়া মাত্রই উল্লাসে মেতে উঠেছে। ছবিতে সাদা রঙের ঢিলেঢালা ফুল-স্লিভ গাউনে দেখা গিয়েছে তাকে। প্রকাশ্যে আনলেন স্ফীতোদরের ছবিও।
৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী মাহিরা খান। মাহিরা খান ২০২৩ সালে ব্যবসায়ী সলিম করিমকে বিয়ে করেন। এটি অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে তাঁর একটি ছেলে রয়েছে। মাহিরার সেই ছেলে আজলানের বয়স ১৭ বছর।
এবার সলিম করিমের সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। অর্থাৎ মাহিরার জন্য এটি দ্বিতীয় সন্তান হলেও, তাঁর স্বামী সলিমের জন্য এটি প্রথম সন্তান। দ্বিতীয় বিয়ের প্রায় তিন বছর পর মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন মাহিরা।
মাহিরা খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু করে ‘হামসফর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান তিনি। পরে বড় পর্দাতেও একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন। ২০১৭ সালে শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন মাহিরা। ছবিতে শাহরুখের বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

