সহ-অভিনেত্রী নন্দিনীকে নয়, ভোট দিলেন অন্য কাউকে! জানেন বিগ বসের ঘরের কাকে সাপোর্ট করলেন সোমরাজ?

সোমরাজ মাইতি

বিগ বসের অন্দরমহল মানেই বিতর্ক, গসিপ আর নিত্যনতুন চমক। এই মুহুর্তে ছোটপর্দার জনপ্রিয় মুখ ‘বনলতা’ অর্থাৎ নন্দিনী এখন বিগ বসের ঘরের অন্যতম চর্চিত প্রতিযোগী। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন সোমরাজ এবং নন্দিনী। প্রাক্তন সহ-অভিনেত্রীর বিগ বসে যাওয়া নিয়ে টিভি ৯ বাংলার কাছে একান্ত সাক্ষাৎকারে এবার মুখ খুললেন পর্দার ‘অনুভব’ অর্থাৎ অভিনেতা সোমরাজ মাইতি। তাহলে নন্দিনীর খেলা কি সোমরাজের নজর কেড়েছে?

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল নিজের সহ-অভিনেত্রীকে ভোট দেননি সোমরাজ। কারন অভিনেতার ফেভারিট লিস্টে রয়েছেন অন্য দুই তারকা। জানেন কি বিগ বসের ঘরের কাকে সাপোর্ট করছেন সোমরাজ?

সোমরাজ জানান, “শো-টা দেখছি ঠিকই, কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমি মূলত ভরত কল আর সৃজলাকে সাপোর্ট করছি।” এর নেপথ্যের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ভরত এবং সৃজলার খেলার ধরন ও কৌশল তাঁর বেশ পছন্দ হয়েছে। তাঁর মতে, “ওরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেটা আমার বেশ লাগছে। ওদের কথার মধ্যে বেশ স্ট্রং পয়েন্ট থাকে। সত্যি বলতে, নন্দিনীর গেমপ্লে এখনও সেভাবে আমার চোখে পড়েনি।”

অভিনেতা বরাবরই স্পষ্টবক্তা। সহকর্মী নন্দিনীর পেশাগত সিদ্ধান্তকে সম্মান জানাতে ভোলেননি তিনি। সোমরাজ জানান, ওই প্রজেক্ট সম্পূর্ণ হওয়ার বেশ কিছুটা আগেই সেটি ছেড়ে বিগ বসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন নন্দিনী।

সোমরাজের কথায়, “আমাদের প্রোজেক্ট কমপ্লিট হওয়ার এক মাস আগেই ও ছেড়ে দিয়েছে। ও রিয়্যালিটি শো করতে চেয়েছিল। এটি সম্পূর্ণ ওর নিজের প্রফেশনাল সিদ্ধান্ত। আশা করি ও খুব ভালো করবে।” কেরিয়ারের স্বার্থে এই ধরনের বড় মঞ্চে পা রাখা যে আদতে একটি ইতিবাচক পদক্ষেপ, তা তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন।