
মনে পড়ে, ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের কথা? অনুরাগ আর মেঘলার প্রেম কাহিনী আজও দর্শকের মনের মণিকোঠায় রয়ে গেছে। তাঁদের নাম এলেই বাংলার দর্শক আবেগ প্রবণ হয়ে পড়ে। ধারাবাহিকে মেঘলা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অনুরাগ চরিত্রে বিক্রম চট্টোপাধ্যায়।
বহুদিন পর ফের আবারও পর্দায় ফিরতে চলেছে সেই জুটি। হ্যাঁ, আপনাদের প্রিয় বিক্রম-শোলাঙ্কির জুটি ফের একসাথে। তবে ছোটপর্দায় নয়, তারা ফিরছেন বড়পর্দায়। ‘শহরের উষ্ণতম দিনে’ ছবির পর ছবিতে একসঙ্গে কাজ করছেন তারা। একটি প্রেমের গল্পে তারা জুটি বাঁধছেন। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জয়দীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন পরিচালনার দায়িত্বে। বিক্রমের নিজস্ব প্রোডাকশন হাউসের ছবি এটা।
দিব্য চরিত্রে অভিনয় করবেন বিক্রম আর শোলাঙ্কির নাম সোমদত্তা। স্কুল থেকে শুরু হওয়া সম্পর্ক কলেজে পড়াকালীন কতটা পালটাবে আর কর্মজীবন অবধি সেই প্রেম পরিণতি পায় কিনা সেটা নিয়ে এগবে গল্প।
অভিনেতা জানান, শোলাঙ্কি মাঝে কিছু কাজ আর সিরিয়ালে ব্যস্ত থাকায় তিনি প্রায় সাড়ে তিন বছর অপেক্ষা করেছিলেন এই ছবিটির জন্য। আজ থেকে শুরু ছবির শুটিং।খবর ছড়িয়ে পড়তেই শোলাঙ্কি-বিক্রমকে একসাথে পেয়ে খুশি তার ভক্তরা।
