ফের আবারও মৃত্যুর কোলে ঢলে পড়ল ছোটপর্দার এক জনপ্রিয় তারকা। মঙ্গলবার, ২৭ অক্টোবর সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৭৭।সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই খবর জানিয়েছেন পরিচালক অশোক পণ্ডিত।
জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’-র স্রষ্টা, প্রযোজক ও পরিচালক বিপি সিংহ প্রয়াত। তিনি ছিলেন এক দক্ষ প্রযোজক-পরিচালক। ‘সিআইডি’ এবং ‘আহট’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক দর্শকের সামনে তুলে ধরে মুগ্ধ করেছিলেন।
তার মৃত্যুর খবর সামনে এনে পরিচালক অশোক পণ্ডিত জানিয়েছেন, “দক্ষ প্রযোজক-পরিচালক বিপি সিংহজির প্রয়াণের খবর শুনে মর্মাহত। মঙ্গলবার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর কাজ আজও অনুপ্রেরণা জোগায় এবং আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি থাকাকালীন তাঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল আমার।”

প্রবীণ অভিনেতা শিবাজি সাতাম, যিনি দুই দশকেরও বেশি সময় ধরে সিআইডি-তে এসিপি প্রদ্যুমনের ভূমিকায় অভিনয় করেছেন, প্রযোজক বিপি সিংহ তাঁর দীর্ঘদিনের সহকর্মী, পরামর্শদাতা এবং বন্ধু হিসেবে স্মরণ করেন। ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শিবাজি তাঁর শোক প্রকাশ করে বলেন, ‘আজ আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শেষ হয়ে গেল। তিনি একজন মহান ব্যক্তি এবং একজন মহান বন্ধু ছিলেন, আমি তাঁর কাছ থেকে সবকিছু শিখেছি। আমি থিয়েটারের মানুষ, তাই মঞ্চে কীভাবে অভিনয় করতে হয় তা আমি জানতাম। কিন্তু বিপি সিং আমাকে শিখিয়েছেন ক্যামেরার সামনে নিজেকে কীভাবে উপস্থাপন করতে হয় এবং প্রয়োজনে কীভাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হয়। তিনি একজন অসাধারণ শিক্ষক ছিলেন।’

