
ফের শুটিং সেটে বড়সড় দুর্ঘটনা। নিরাপত্তার অভাবে চলে গেল আরও এক প্রান। স্টুডিওতে কাজ করার সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল এক তরুণ টেকনিশিয়ানের। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইউনিটে।
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের আসন্ন ছবি ‘জেলার ২’-এর শুটিং সেটে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, চেন্নাইয়ের পানাইয়ুর এলাকায় ছবির শুটিং চলছিল। সেই সময় সেট তৈরির কাজ করছিলেন ২৮ বছর বয়সি কার্তিকেয়ন। তিনি ছবির আর্ট ডিরেকশন বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।
ঘটনার খবর পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কারও বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি। এত বড় বাজেটের ছবির সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে।
ইতিমধ্যেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। চলতি বছরের জুন মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, এই দুর্ঘটনার পর শুটিংয়ের সময়সূচি কিংবা মুক্তির দিন পিছিয়ে যেতে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
