
ভাইফোঁটা মানেই ভাই-বোনের ভালোবাসা, আনন্দ আর একসঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। এই দিনটিতে দিদি-বোনেরা ভাই কিংবা দাদার কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। বাড়িতে চলে এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন। কিন্তু এই বিশেষ দিনটিই যেন প্রতি বছর মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের কাছে। এমনিতে হাসিখুশি স্বভাবের মানুষ তিনি। তবে ভাইফোঁটা এলেই কোথাও যেন বিষণ্ণতা গ্রাস করে তাঁকে। এ বছরও সমাজমাধ্যমে নিজের মনের কথা প্রকাশ করে অভিনেত্রী জানালেন, আর আগের মতো ভাইফোঁটা উদ্যাপন করতে ভালো লাগে না তাঁর। কিন্তু হঠাৎ কেন এমন অভিমান?
প্রতি বছর নিউ আলিপুরের বাড়িতে বেশ ধুমধাম করেই ভাইফোঁটার আয়োজন করেন ইন্দ্রাণী। তুতো ভাই ও দাদাদের কপালে ফোঁটা দেন তিনি। এমনকি টলিপাড়ার পরিচিত অনেক মানুষও অভিনেত্রীর কাছ থেকে ফোঁটা নিতে হাজির হন। বাড়িতে হাসি-আড্ডা, খাওয়া-দাওয়ায় কাটে বিশেষ দিনটি। কিন্তু এত আয়োজনের মাঝেও একজনের অভাব কিছুতেই পূরণ হয় না। তিনি ইন্দ্রাণীর নিজের ভাই ইন্দ্রনীল হালদার, যাঁকে আদর করে ‘বুড়ো’ বলে ডাকতেন অভিনেত্রী।
২০১৯ সালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হন ইন্দ্রনীল। ভাইয়ের মৃত্যুর পর থেকেই রাখি কিংবা ভাইফোঁটার মতো বিশেষ দিনগুলিতে তাঁকে আরও বেশি করে মনে পড়ে ইন্দ্রাণীর। দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় সাত বছর। কিন্তু সময়ের সঙ্গে ভাইয়ের স্মৃতি একটুও ফিকে হয়নি অভিনেত্রীর মনে। তাই ভাইয়ের মৃত্যুবার্ষিকী এলেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এ বছর সেই মনখারাপ যেন আরও বেশি করে গ্রাস করেছে অভিনেত্রীকে। কারণ ভাইয়ের মৃত্যুবার্ষিকীর ঠিক পরের দিনই ভাইফোঁটা। উৎসবের আনন্দের মাঝেও তাই প্রিয় ভাইকে হারানোর শূন্যতাই বারবার ফিরে আসছে ইন্দ্রাণীর মনে।
সোশ্যাল মিডিয়া পেজে ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করে ইন্দ্রাণী হালদার লেখেন, ‘আমার আর ভাইফোঁটা দিতে ইচ্ছা করে না। আজ তোর চলে যাওয়ার দিন। ১০ নভেম্বর। কতদিন হয়ে গেল। সবই করছি জীবনে, শুধু তোর ঘরে যখনই ঢুকি, বুকটা হুহু করে ওঠে। বুড়ো যেখানেই থাকিস ভালো থাকিস। জয় জগন্নাথ প্রভু।’ ভাইফোঁটা’।
