
জি-বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’। ইতিমধ্যেই সিরিয়ালের একটি প্রমো মুক্তি পেয়েছে, যা দেখে বেশ বোঝাই যাচ্ছে বহুদিন পর আবার একটি পৌরাণিক গল্প নিয়ে আসতে চলেছে একটি ধারাবাহিক। আর এই ধারাবাহিকেই অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথ বসুকে। এই মুহুর্তে রান্নাঘর অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা বিশ্বনাথ বসু কে। তবে এর মাঝেই দর্শকদের জন্য আরও একটি সুখবর। খুব তাড়াতাড়ি জি বাংলার নতুন একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথকে।
জানা গিয়েছে, এই ধারাবাহিকে রাজা বসন্ত রায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। ষোড়শ শতকের মধ্যভাগ যশোরের রাজা প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায় কালীঘাটের প্রথম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যদিও তিনি এই মন্দিরটি নির্মাণ শুরু করলেও শেষ করতে পারেননি।
পরবর্তী সময়ে বর্তমান কালীঘাট মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ১৮০৯ সালে। বরিশাল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় গঙ্গার তীরে গড়ে ওঠে নতুন কালীঘাট মন্দির। এই মন্দিরের সঙ্গে যে রাজা বসন্ত রায়ের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা বলাই বাহুল্য।

যেহেতু ‘সতীপীঠ কালীঘাট’ একটি পৌরাণিক কাহিনী তাই খুব স্বাভাবিকভাবেই এই ধারাবাহিকে অনেক গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পাওয়া যাবে। তবে এও জানা গিয়েছে, মা কালীর ভূমিকায় দেখতে পাওয়া যাবে এক নতুন মুখকে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রমো শুটিং হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে ধারাবাহিকের আগামী প্রমো যা দেখে মোটামুটি বোঝা যাবে কে বা কারা অভিনয় করতে চলেছেন এই ধারাবাহিকে।
