সাত সকালে মিল দুঃসংবাদ! বাংলার সঙ্গীত জগতে শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় মুখ

বাবুল বসু

ফের শোকের ছায়া বিনোদন দুনিয়া। চলতি বছর বিনোদন দুনিয়ার জন্য মোটেই ভালো নয়। একের পর এক শিল্পীদের মৃত্যুতে  আঘাত এনেছে। ফের আরও এক নক্ষত্র পতন। খবর মিলতে শোকস্তব্ধ টেলি দুনিয়া।

বাংলা সঙ্গীতজগতে নক্ষত্রপতন। প্রয়াত বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও গীতিকার বাবুল বসু। দীর্ঘদিন ধরে মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই চালানোর পর শেষ পর্যন্ত হার মানলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ বাংলা বিনোদনজগৎ। রবিবার পরিবারের তরফে সম্পন্ন করা হয় তাঁর শেষকৃত্য।

পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারির শুরুতে আচমকাই শারীরিক অসুস্থতা দেখা দেয় বাবুলের। প্রথম দিকে তেমন কোনও উপসর্গ না থাকলেও চিকিৎসা পরীক্ষার পর জানা যায়, অগ্ন্যাশয়ে বাসা বেঁধেছে চতুর্থ পর্যায়ের ক্যানসার। এরপর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় তাঁর চিকিৎসা। কেমোথেরাপি ও রেডিয়েশন মিলিয়ে দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। মোট ১৫টি কেমো এবং ১০টি রেডিয়েশন নেওয়ার পর ক্রমশ শারীরিক ভাবে ভেঙে পড়েন তিনি। অসহ্য যন্ত্রণা ও শারীরিক দুর্বলতার কারণে পরবর্তী সময়ে আর কেমোথেরাপি নিতে চাননি শিল্পী। চিকিৎসকদের পরামর্শে ওষুধের মাধ্যমে চিকিৎসা চালানো হলেও রোগের বিস্তার আটকানো সম্ভব হয়নি।

জীবনের শেষ কয়েকটা দিন পরিবারের সদস্যদের সঙ্গেই কাটাতে চেয়েছিলেন বাবুল। বাইরের কারও সঙ্গে দেখা করতে চাইতেন না তিনি। এমনকি নিজের অসুস্থতার কথাও প্রকাশ্যে আনতে চাননি। পরিবারের লোকজনই দিনরাত তাঁর দেখভাল করেছেন। মৃত্যুর আগে ক্রমশ কথা বলার শক্তিও হারিয়ে ফেলছিলেন শিল্পী। তবে শারীরিক অসুস্থতার মধ্যেও মনের মধ্যে ছিল এক গভীর আক্ষেপ। আবারও গানের জগতে ফিরে আসা, রেকর্ডিং স্টুডিয়োতে সময় কাটানো—এই স্বপ্নই যেন শেষ দিন পর্যন্ত তাড়া করে বেড়িয়েছে তাঁকে। তাঁর শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে কোনও আড়ম্বর ছাড়াই সম্পন্ন করা হয় শেষকৃত্য।

বাবুল বসু

বাংলা বাণিজ্যিক ছবির সঙ্গীতজগতে বাবুল বসুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ‘দেবদাস’, ‘দাদা ঠাকুর’, ‘পরিণাম’, ‘প্রতিবাদ’, ‘মানিক’, ‘নবাবনন্দিনী’, ‘শেষ যুদ্ধ’ এবং ‘আগুন জ্বলবেই’-এর মতো একাধিক ছবিতে সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। বিশেষ করে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির গান আজও শ্রোতাদের মনে জায়গা করে রয়েছে। সেই ছবির সুরকার ছিলেন বাবুলই।