
মধুমন্তী মৈত্র, বিনোদন জগতের চেনা মুখ। টেলিভিশন পর্দা থেকে মঞ্চে সবেতেই নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন তিনি। একধারে সংবাদ পাঠিকা, অন্যদিকে সঞ্চালিকা হিসাবে বাঙালির ঘরে ঘরে পরিচিত। কলকাতার মেট্রোর দরজায় কান পাতলেই শোনা যায় তার কণ্ঠস্বর। তবে তার জীবন সংগ্রামের কাহিনী অনেকের অজানা।
সফল কর্মজীবনের পিছনে রয়েছে লুকনো শারীরিক কষ্ট। তবুও হাসিমুখে নিজের কাজ করেছে চলেছেন প্রায় দুই দশক ধরে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ভয়ংকর কাহিনী সামনে আনলেন তিনি। ২০০২ সাল থেকে শারীরিক অসুস্থতার সাথে লড়াই করে চলেছেন তিনি।
এই সাক্ষাৎকারে মধুমন্তী জানিয়েছেন, ২০০২ সালে একটি অনুষ্ঠানের সঞ্চালনা করতে গিয়ে অন্ধকার মঞ্চ থেকে পড়ে তাঁর পা ভেঙে যায়। সেদিনের সেই ঘটনা তার জীবন বদলে দিয়েছে এক ধাক্কায়। সেই দুর্ঘটনার পর পায়ে সাতবার অস্ত্রোপচার হয়েছে। ‘অস্টিওমাইলাইটিস’-এর মতো জটিল রোগে আক্রান্ত হয়ে পায়ের হাড় নষ্ট হয়ে গেছে। পরবর্তীকালে পুনর্গঠন করতে করতে হয়েছে।
তিনি আরও জানিয়েছেন পায়ে বর্তমানে ‘ভেরাস ডিফরমেশন’ নামক সমস্যা তৈরি হয়েছে। একটি পা অন্যটির চেয়ে ছোট হয়ে গেছে। প্রতিদিন তিনি মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। এমনকি কোনও ওষুধও এখন এই ব্যথা লাঘব করতে পারে না। তবুও প্রতিনিয়ত এই শারীরিক যন্ত্রণা নিয়ে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের সমানভাবে দায়িত্ব পালন করে চলেছেন।
