‘ভালো বউ মানে কি শুধুই স্বামীর…’, টেকেনি প্রথম বিয়ে! কেন ভেঙেছিল অভিনেত্রীর প্রথম সংসার? চেনেন বিদিপ্তার প্রথম স্বামীকে?

বিদিপ্তা চক্রবর্তী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি হলেন বিদিপ্তা চক্রবর্তী ও বিরসা দাশগুপ্ত। দাম্পত্য নিয়ে বরাবরই খোলামেলা বিদিপ্তা। ৬ বছরের ছোট বিরসার সঙ্গে তাঁর প্রেম, শাশুড়ির সঙ্গে বন্ধুত্ব সব নিয়েই এর আগে কথা বলেছেন অভিনেত্রী। তবে বিরসার আগেও একবার ঘর বেঁধেছিলেন বিদিপ্তা। জানেন কি কে ছিল অভিনেত্রীর প্রথম স্বামী? কেনই বা প্রথম স্বামীর সঙ্গে সুখে সংসার করতে পারলেন না বিদিপ্তা?

সম্প্রতি ইনকোডা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদিপ্তাকে বলতে শোনা যায়, ‘ভালো বউ মানে কি, শাঁখা সিঁদুর পরে, গায়ে কাপড় দিয়ে, শুধু রান্না করে গেলাম, স্বামীর সেবা করে গেলাম, সংসার করলাম, তাহলেই কি ভালো বউ হয়? আমি যে নিজে এত ছোটবেলা থেকে রোজগার করেছি, দুই মেয়েকে বড় করেছি, বাবা-মাকে শেষদিন অবধি দেখেছি, এটা কি ভালো বউ বা ভালো মেয়ে হওয়ার পরিচয় নয়? আসলে এগুলো সবটাই না, তোমার মাথার ভাবনা কীরকম, তার ওপরেই জীবনটা চলে।’

২০১০ সালের ৩০ জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন বিরসা-বিদিপ্তা। তার কয়েকবছর আগেই প্রথম স্বামীর সঙ্গে হয়েছে ডিভোর্স। বিদিপ্তার প্রথম স্বামী ছিলেন ক্যামেরাম্যান শুভাশিস বন্দ্যোপাধ্যায়, যাকে ইন্ডাস্ট্রিতে সবাই ‘লালু’ বলে চিনতেন। ভালোবেসেই চার হাত এক হয়েছিল। কিন্তু প্রথম স্বামীর সঙ্গে বিদিপ্তার সংসার সুখের হয়নি।

বিরসার সঙ্গে যখন নতুন জীবন শুরু করেন বিদিপ্তা, তখন মেয়ে মেঘলার বয়স ১০ বছর। তবে বিদিপ্তার প্রথম পক্ষের সন্তানকে শুধু নিজের পদবিই দেননি বিরসা, আপন করে নিয়েছেন। পিতৃস্নেহে বড় করেছেন। আর মেঘলাও মনেপ্রাণে আপন করেছিল ‘বাবুই’কে। এই নামেই ডাকে মেঘলা তাঁর বাবা বিরসাকে। এরপর বিরসা-বিদিপ্তার কোলে এসেছে ইদা। তাঁদের দ্বিতীয় কন্যা সন্তান। সেই থেকে এখনও বিরসা-বিদিপ্তার সেই ভালোবাসার বন্ধন অটুট।