
অবশেষে টিভির পর্দা থেকে বিদায় নিল জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। দিতিপ্রিয়ার বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন সিরিয়ালটি মাঝপথেই মুখ থুবড়ে পড়বে। কিন্তু শিরিন নিজের অভিনয় দিয়ে যেভাবে হাল ধরেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। এবার শেষলগ্নে এসে ক্যামেরার পেছনের সমস্ত লড়াই, মান-অভিমান, মনের সব জমানো কথা উগরে দিলেন শিরিন পাল।
ধারাবাহিকের শেষ এপিসোড টেলিকাস্ট হওয়ার পর শিরিন তার পোস্টে নিজের জীবনের কিছু খামতির কথা তুলে ধরলেন। শিরিন লিখেছেন, ‘আমার অনেক না পারা আছে। কোনোদিন ক্লাসে ফার্স্ট না হতে পারা, মায়ের মতো আম ডাল না বানাতে পারা, একটা ইরফান খানের সাথে ছবি না করতে পারা, পৃথিবীটাকে পাল্টে না ফেলতে পারা… তবে সবার বাড়ির মেয়ে হতে পেরেছি।’
দিন কয়েক আগে কো-স্টার জীতু কমলের সঙ্গে শিরিনের মনোমালিন্য়ের খবর সামনে এসেছিল। তবে দুজনে আগেই সেই চর্চা উড়িয়েছেন। শেষদিনের পোস্টে জীতুর সঙ্গে ফ্রেমবন্দি মুহূর্তই ভাগ করে নিলেন শিরিন। অন্য সহকর্মীদের সঙ্গে ধন্যবাদ জানালেন জীতুকেও।
শিরিন আরও লিখেছেন, ‘আমার স্পর্ধা নেই ধন্যবাদ বলার। আমার ফিরিয়ে দেবার মতোও কিছুই নেই। আমার কেবল আছে এক আকাশ স্বপ্ন। একটা গাছে মোড়া সবুজ ছোট্ট শহর ঝাড়গ্রামের সেইসব বাচ্চা মেয়ে গুলোর জ্বলজ্বল করতে থাকা চোখ আছে।’পোস্টের শেষে এসে ক্যামেরার পেছনের সেইসব আসল কারিগরদের প্রণাম জানাতে ভোলেননি অভিনেত্রী।
শিরিন লেখেন, ‘তবু, তবুও….. যারা আশা জাগিয়ে গেছে নিরন্তর, যারা পিঠ চাপড়ে গেছে নিঃশব্দে, যারা রোল ক্যামেরা অ্যাকশনের মাঝে থেকে গেছে, তাদের আভূমি প্রণাম…’। শিরিনের পোস্টে তার আফসোস থেকে শুরু করে কৃতজ্ঞতা— সবটাই এক লহমায় ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের মন।
