
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তী। নিত্যনতুন ভ্লগ শেয়ার করে প্রায়শই ভাইরাল হন সায়ক। তবে সম্প্রতি সায়কের নতুন ভিডিও ফের শোরগোল ফেলেছে নেটপাড়ায়। ভিডিওতে চাঞ্চল্যকর দাবি জানালেন সায়ক যা শুনে রীতিমত আঁতকে উঠেছেন অনুরাগীরা।
সায়কের দাবি, তাঁর বাড়িতে দীর্ঘদিন ধরে কর্মরত কাজের দিদি, যাঁকে তিনি ভালোবেসে খুকু বলে ডাকেন, তিনি নাকি সায়কের অলক্ষ্যে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে পালাচ্ছিলেন! শুধু তাই নয়, খুকু যখন চুরির মালপত্র গুছিয়ে চম্পট দেওয়ার উপক্রম করছেন, ঠিক তখনই নাকি সায়ক তাঁকে একেবারে হাতেনাতে ধরে ফেলেন। ভিডিওতে সায়ককে বেশ উত্তেজিত অবস্থায় খুকুর এই কীর্তি নিয়ে ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
স্বাভাবিকভাবেই ঘটনাটি সামনে আসার পর থেকেই সায়কের ভক্ত এবং সাধারণ নেটিজেনদের মধ্যে ছড়ায় চরম উত্তেজনা। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে চুরির ঘটনা একেবারেই নতুন নয়। এর ঠিক কিছুদিন আগেই অভিনেতা সম্রাট মুখার্জির বাড়িতেও এক চুরির ঘটনা প্রকাশ্যে এসেছিল, যা নিয়ে কম জলঘোলা হয়নি। এবার সায়ক চক্রবর্তীর মতো একজন জনপ্রিয় ব্লগারের গৃহ পরিচারিকা খুকুর বিরুদ্ধে এমন চুরির অভিযোগ ওঠায় স্বভাবতই চমকে উঠেছেন সায়কের অনুরাগীরা।
তবে অনুরাগীদের এই উত্তেজনার মধ্যেই লুকিয়ে রয়েছে আসল টুইসেই। যা নিজেই জানালেন সায়ক। পরবর্তী ভিডিওতে সায়ক জানান, তার বাড়িতে কোনও চুরির ঘটনাই ঘটেনি, গোটা বিষয়টাই ছিল পুরোপুরি একটি মজার ছলে তৈরি করা ভিডিও বা প্র্যাঙ্ক।
সায়ক ও তাঁর কাজের দিদি খুকুর মধ্যেকার সম্পর্ক বরাবরই ভীষণ মিষ্টি এবং খুনসুঁটিতে ভরা। খুকু সায়কের পরিবারের একজন সদস্যের মতোই। আর সেই ভালোবাসার সম্পর্ক থেকেই ক্যামেরার সামনে চুরির নাটক করছিলেন তারা। ভিডিওর শেষে সায়ক নিজেই হেসে ফেলেন এবং দর্শকদের আশ্বস্ত করেন যে খুকু অত্যন্ত বিশ্বাসী একজন মানুষ। নেহাতই দর্শকদের একটু বিনোদন দেওয়া এবং খুকুর সাথে তাঁর নিত্যদিনের মজার রসায়নকে ক্যামেরাবন্দি করতেই এই ভিডিওটি বানানো হয়েছিল।
