
একের পর এক ধারাবাহিক বন্ধের খবর বেশ কিছুদিন ধরেই চর্চায়। নেপথ্যে কখনও টিআরপি তালিকায় আশানুরূপ ফল না পাওয়া, কখনও বা অন্য কোনও সমস্যা। কিছুদিন ধরেই টলিউডের অন্দরে ফিসফাস, বন্ধ হচ্ছে চলেছে স্টার জলসার জনপ্রিয় মেগা। এবার সেই জল্পনাই সত্যি হয়ে গেল। সম্প্রতি শেষদিনের শুটিং সেরে নিয়েছেন এই ধারাবাহিকেরা কলাকুশলীরা।
সম্প্রতি অনিন্দিতা রায়চৌধুরীর পোস্টেই অবশেষে জল্পনা ফাঁস হল। একঝাঁক ছবি শেয়ার করে অনিন্দিতা লিখেছেন, ‘সরলা আজীবন আমার হৃদয়ে থেকে যাবে। অনেক ধন্যবাদ আমায় সুযোগ দেওয়ার জন্য। আবার হয়তো কখনও, কোথাও দেখা হবে অন্য কোনও চরিত্রে, অন্য কোথাও।’
দীর্ঘ দিন ধরেই মেগার টিআরপি তলানিতে। যার জেরেই কোপ পড়ল শোলাঙ্কি- গৌরব জুটির উপর। বন্ধ হতে চলেছে ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিক। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে সম্প্রচার শুরু হয়েছিল এই মেগার। মাত্র তিন মাসের মাথাতেই ইতি টানল গোরা এলার গল্প।
সরলা চরিত্রে অভিনয় প্রসঙ্গে অনিন্দিতা বলেন, ‘খুব মজার জার্নি ছিল। বলা ভালো চরিত্রটাও একেবারে অন্যরকমের ছিল। যেটাকে নেগেটিভ বা পজ়িটিভ এই ভাবে ভাগ করা যাবে না। এই টিমের সঙ্গে ভীষণ ভাবে একাত্ম হয়ে গিয়েছিলাম। শোলাঙ্কির সঙ্গে প্রথম কাজ, গৌরবের সঙ্গে পর পর দুটো কাজ হলো। নতুন প্রজন্মের সকলেও খুবই কাজের প্রতি সিরিয়াস। ভালো লেগেছে খুব কাজ করে। অনবদ্য অভিজ্ঞতা বলা চলে।’
দর্শকের পছন্দের কথা মাথায় রেখে গৌরব-শোলাঙ্কির জুটিকে নতুন গল্পে ফিরিয়েছে প্রযোজনা সংস্থা। এই মেগায় তাঁরা গোরা ও এলা চরিত্রে ধরা দেন। গৌরব-শোলাঙ্কির জুটি ফেরায় দর্শকের প্রত্যাশা ছিল ব্যাপক। তবে সম্প্রচারের প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় তেমন একটা ভাল ফল করতে পারেনি এই মেগা। যার কারনেই ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিতে হল।

