
আগস্ট থেকে শুরু হবে ‘বিগ বস্’ বাংলার শুটিং, এমনটাই খবর অন্দরমহলে। সকলের মনে প্রশ্ন, নতুন শোয়ে প্রতিযোগী হিসাবে দেখা যাবে কাদের? ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, টলিউডের জনপ্রিয় জুটিকে প্রতিযোগী হিসাবে দেখা যাবে ‘বিগ বস্’ বাংলায়। জানেন কি কোন সেই তারকা দম্পতি?
অভিনেত্রী নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকে নাকি বাংলা ‘বিগ বস্’-এ যোগ দেওয়ার কথা বলা হয়েছে। তাঁরা নাকি রাজিও হয়েছেন। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা অভিনেতা-অভিনেত্রীদের তরফে এখনও চূড়ান্ত ভাবে কিছু জানানো হয়নি। যশ-নুসরত ছাড়াও উঠে আসছে আরও একটি নাম। তিনি অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁকে দেখা যেতে পারে এই প্রতিযোগিতায়। তবে অনিন্দ্যও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রকাশ্যে।
এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার ডাক পেয়েছিলেন ঊষসী চক্রবর্তী, লোকনাথ দে, জীতু কমল, তিথি বসু-সহ আরও অনেকে। কিন্তু দুর্গাপুজোর সময় মুম্বইয়ে ‘বিগবস্’-এর বাড়িতে আটকে থাকা মানে, অনেকেরই ‘আর্থিক ক্ষতি’। সেই সময়ে কলকাতার তারকাদের কাছে পুজোকেন্দ্রিক অনেক বিজ্ঞাপনী কাজ হাতে আসে। একাধিক পুজোর উদ্বোধনও শিল্পীদের আয়ের একটা বড় রাস্তা। এই কথা ভেবেই নাকি অনেকে মুম্বইয়ের প্রস্তাব ফিরিয়েছেন।

