প্রথমবার জি-বাংলার পর্দায় জুটি বেঁধে ফিরছেন মধুমিতা-শুভ্রজিৎ?

মধুমিতা সরকার

মধুমিতা সরকারের অভিনয়ে মুগ্ধ ৮ থেকে ৮০। প্রায় সাত বছর পর ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে ফিরলেও, মাসকয়েক চলার পরেই গল্পে এসেছিল বদল। এবার ফের ছোটপর্দায় ফিরছেন মধুমিতা? জি বাংলার আসন্ন নতুন ধারাবাহিক ‘ত্রয়ী’ তে থাকছেন মধুমিতা। শোনা যাচ্ছে ‘শুধু তোমারই জন্য’র নায়ক শুভ্রজিৎ সাহা-র বিপরীতে নাকি থাকবেন অভিনেত্রী। আরেক অভিনেত্রীর নামও সামনে এসেছে, লেখা চট্টোপাধ্যায়। একথা কি সত্যি?

ইনস্টাগ্রামে মধুমিতা সরকার তাঁর আগামী প্রজেক্টের লুকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে, খয়েরি রঙের শাড়ি, ছাই রঙা ব্লাউজ পরে একটি স্কুলের করিডোরে দাঁড়িয়ে আছেন। এই ছবি এবং ছোট্ট একটি ভিডিও পোস্ট করে মধুমিতা লেখেন, ‘জীবনে যখন যেমন আসে, তেমনই তাতে কাজ করছি। নতুন প্রজেক্ট।’

মধুমিতার এই পোস্ট দেখে অনেকেই ভেবেছেন আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী? আপাতত মধুমিতা জানিয়েছেন ছোট পর্দায় ফেরার কোনো কথা তিনি ভাবছেন না একেবারেই। কারণ হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এই বছর তাঁর তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। দুটো ছবি এবং একটি সিরিজে কাজ করার কথা চলছে। সঙ্গে নতুন সংসার। ফলে, এখনই ছোটপর্দায় ফেরার সম্ভাবনা নেই। আবারও বড়পর্দায় ফিরছেন মধুমিতা। তবে ছবির নাম কী, তাঁর বিপরীতে কে আছেন, কিছুই খোলসা করতে চাইলেন না।

ছোটপর্দা বা টেলিভিশন ধারাবাহিকের হাত ধরেই মধুমিতার অভিনয় জীবনের পথচলা শুরু হয়। ২০১১ সালের সবিনয়ে নিবেদন ছিল তাঁর প্রথম কাজ। এরপর কেয়ার করি না নামে একটি মেগাতেও কাজ করেন। তবে সাফল্যের শিখরে পৌঁছে দেয় বোঝে না সে বোঝে না। যেখানে তাঁর আর যশ দাশগুপ্তের জুটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছয়।