‘আমি একজন খারাপ মা… লোকেরা বলে… আমার মেয়ের জন্য..’, মেয়েকে নিয়ে মুখ খুললেন মধুমন্তী মৈত্র

মধুমন্তী মৈত্র

মধুমন্তী মৈত্র, বিনোদন জগতের চেনা মুখ। টেলিভিশন পর্দা থেকে মঞ্চে সবেতেই নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন তিনি। একধারে সংবাদ পাঠিকা, অন্যদিকে সঞ্চালিকা হিসাবে বাঙালির ঘরে ঘরে পরিচিত। কলকাতার মেট্রোর দরজায় কান পাতলেই শোনা যায় তার কণ্ঠস্বর। তবে তার জীবন সংগ্রামের কাহিনী অনেকের অজানা।

মধুমন্তী এবং তাঁর মেয়ে অনুশার সম্পর্কটি আর পাঁচটা সাধারণ মা-মেয়ের চেয়ে অনেকটাই আলাদা। সম্প্রতি ‘সংবাদ প্রতিদিন’ কে দেওয়া সাক্ষাতকারে মেয়েকে নিয়ে মুখ খুললেন মধুমন্তী। সমাজের চোখে ‘ভালো মা’-এর চেনা ধারণাকে ভেঙে মধুমন্তী বলেন, “সমাজের চোখে হয়তো আমি একজন খারাপ মা। কারণ অনুশা যখন বড় হচ্ছিল, তখন একটা মায়ের যা যা করা উচিত বা বাচ্চার জন্য যে ধরণের ত্যাগ স্বীকার করতে হয়, সেই অর্থে আমাকে কোনো স্যাক্রিফাইস করতে হয়নি।”

নিজের কাজের ব্যস্ততা এবং মেয়ের বড় হয়ে ওঠা নিয়ে মধুমন্তী জানান, “২৬ বছর বয়স থেকে ইউনিভার্সিটিতে পড়ানো এবং অন্যান্য কাজের এত চাপ ছিল যে, অনুশা যখন বড় হচ্ছিল তখন আমি তাঁর সাথে খুব বেশি জড়িয়ে থাকতে পারিনি। তাই সমাজের চেনা নিয়মে লোকেরা বলতেই পারে যে আমি মেয়ের জন্য কিছুই করিনি।”

সংসার আর কাজের ব্যস্ততায় ছোট থেকে মেয়েকে সময় না দিতে পারার আক্ষেপটা যেমন আছে তেমনি এখন মেয়ের সাথে মধুমন্তীর সম্পর্কটা মা-মেয়ের সম্পর্কের থেকেও বেশি বন্ধুত্বের।