জামাই হিসেবে রোহান ভট্টাচার্যকে কি মেনে নিলেন লাজবন্তী? মেয়ে অঙ্গনার সঙ্গে রোহানের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোজগেরে গিন্নি’র সঞ্চালিকা

লাজবন্তী রায়

রোজগেরে গিন্নি’র জনপ্রিয় সঞ্চালিকা লাজবন্তী রায় ও অভিনেত্রীর কন্যা অঙ্গনা রায়ের সম্পর্ক বরাবরই দর্শকদের কাছে আলোচনার বিষয়। পর্দার বাইরে তাঁদের মা-মেয়ের সমীকরণ নিয়ে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মা ও মেয়ের সম্পর্কের কিছু অজানা গল্পই উঠে এল সকলের সামনে।

মেয়ে অঙ্গনার ছোটবেলার স্মৃতির কথা উঠতেই লাজবন্তী জানান, অঙ্গনা ছোটবেলায় কোনও ভুল করলে বা মন খারাপ হলে চিঠি লিখত। সেই চিঠিতে বারবার লেখা থাকত, “সরি মা।” আজও সেই ছোট ছোট চিঠিগুলো ভীষণ মিস করেন তিনি। অভিনেত্রীর কথায়, “এখন অঙ্গনা ডানা মেলেছে। কিন্তু সেই ‘সরি মা’ লেখা কাগজগুলো এখনও খুব মনে পড়ে।”

সাক্ষাৎকারে উঠে আসে মেয়ে অঙ্গনার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও। অভিনেতা রোহান ভট্টাচার্যের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে লাজবন্তী জানান, রোহানকে জামাই হিসেবে তাঁর খুবই পছন্দ। শুধু অভিনেতা হিসেবে নয়, মানুষ হিসেবেও রোহান তাঁর কাছে অত্যন্ত ভালো একজন মানুষ। এমনকি নানা বিষয় নিয়ে রোহানের সঙ্গে তাঁর আলাদা করেও আলোচনাও হয়। মেয়ের জীবনের বিশেষ মানুষকে ইতিমধ্যেই পরিবারের একজন হিসেবেই গ্রহণ করে নিয়েছেন লাজবন্তী। যদিও ভবিষ্যৎ নিয়ে মা-মেয়ে কেউই স্পষ্ট কিছু বলেননি।

অন্যদিকে অঙ্গনা জানান, ছোটবেলা থেকে তাঁদের সম্পর্কটা ছিল ঝগড়া-খুনসুটিতে ভরা। দিনের বেলায় যতই মনোমালিন্য হোক না কেন, রাত পেরোনোর আগেই সব মিটে যেত। অন্যদিকে লাজবন্তীর মতে, মেয়ে এখন অনেকটাই স্বাধীনচেতা। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে ভালোবাসে। তাই সময়ের সঙ্গে সঙ্গে মা-মেয়ের সম্পর্কও বদলেছে, শাসনের জায়গা নিয়েছে বন্ধুত্ব।