
পুরো দেশ যখন আলোর উৎসব দীপাবলি উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই টলিউড অভিনেতা রণজয় বিষ্ণুর অসুস্থতার খবর তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে উৎসব কাটানোর পরিবর্তে, এই অভিনেতা এখন হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে – তাঁর কপালে একটি হলুদ তোয়ালে রাখা, হাতে আইভি লাইন লাগানো এবং নাকে অক্সিজেনের নল। রণজয় বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-য় অভিনয় করছেন। কাজের প্রচণ্ড চাপের মাঝে, দীপাবলির দিন এমন কী ঘটল যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হলো?
দীপাবলির দিন অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেন। ছবির সঙ্গে তিনি ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লেখেন, “এই দীপাবলিটা একটু অন্যরকম। সবাইকে জানাই সুন্দর ও আনন্দময় উৎসবের শুভেচ্ছা।” হাসপাতাল থেকেই তিনি নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়ে জানিয়েছেন যে, হাসপাতালে ভর্তি থাকাকালীন ফোনে তাঁকে পাওয়া যাবে না। কবে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বা বাড়ি ফিরতে পারবেন, তা নিয়েও এখনও অনিশ্চয়তা রয়েছে। তাঁর এই পোস্ট দেখে ভক্ত ও সহকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভকামনা জানিয়েছেন।
View this post on Instagram
কি হয়েছে রণজয়ের? অভিনেতার শারীরিক অবস্থার কথা জানতে অভিনেতার টিমের সাথে যোগাযোগ করেছিলেন টিভি ৯ বাংলা। অভিনেতার ম্যানেজার এই সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, রনজয়ের বেশ কয়েকদিন ধরেই জ্বর ছিল। কাজের প্রবল চাপের কারণে জ্বর নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। জ্বর কমানোর সাধারণ ওষুধ খেয়েই কাজ সামলাচ্ছিলেন, কিন্তু কিছুতেই সেই জ্বর কমছিল না। ম্যানেজারের কথায়, “ওর জ্বর কিছুতেই নামছে না। প্রথমদিকে বাড়িতে থেকেই চিকিৎসা চলছিল। কিন্তু জ্বর না কমায় চিকিৎসক জানান, আর বাড়িতে রাখা ঠিক হবে না, হাসপাতালে ভর্তি হতেই হবে”। জানা যাচ্ছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তিনি।
সুত্রঃ https://tv9bangla . com/entertainment/actor-ranojoy-bishnu-hospitalized-during-diwali-manager-shares-health-update-1359204.html
