
২০১৭-এ ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে পড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু। নিউ আলিপুর স্টেশন রোডের কাছে একটি রেস্তোরাঁর সামনে রণদীপের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেওয়ালে ধাক্কা মারে। রণদীপের মাথায় গুরুতর চোট লাগে। মাথার অস্ত্রোপচার হয়। দীর্ঘদিন ভেন্টিলেশনেও ছিলেন রণদীপ। থিয়েটার ও অভিনয় জগতের সঙ্গে তার গভীর টান থাকলেও নয় বছর আগে ভয়াবহ পথদুর্ঘটনা রণদীপের জীবন একেবারে বদলে দেয়। আর পাঁচটা ছেলেদের মতো স্বাভাবিক জীবনযাপন এখনও সম্ভব নয় তার পক্ষে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা ওরফে রণদীপের মা পৌলমী বসু জানান, মস্তিষ্কের গুরুতর আঘাতের পরেও সবচেয়ে আশার কথা হলো, তার বুদ্ধিমত্তা বা স্মৃতিশক্তির কোনো ক্ষতি হয়নি। চিকিৎসকদের অবাক করে দিয়ে সে জটিল শব্দের বানান ঠিক রাখতে পারছে, যা তার সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে বড় ইতিবাচক দিক। বড় দুর্ঘটনার পরেও তার মধ্যে’সেন্স অফ হিউমার’ বজায় রয়েছে, যা প্রমাণ করে সে মানসিকভাবে কতটা শক্ত। এই অদম্য মানসিক শক্তিই তাকে নতুন করে বাঁচার লড়াইয়ে সাহস জোগাচ্ছে।
এখনও কথা বলতে পারেন না রণদীপ। তবে একটি কি-বোর্ডে ধীরে ধীরে টাইপ করে কথা বলেন সকলের সঙ্গে। সেই টাইপিং দেখে পাশে বসা সঙ্গীরা তার বক্তব্য বুঝে নেন।এমনকি, রণদীপ এখন হুইলচেয়ারে বসে মা পৌলমীর নাটক দেখতে যান। রণদীপকে নিয়ে কী বলছেন তার চিকিৎসকেরা? রনদীপের মা বলেছেন, “চিকিৎসকের পরামর্শ মেনেই ছেলের চিকিৎসা চলছে। ওর বাবা ছেলের চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেন। আমরাও আছি। তার থেকেও বড় কথা, রণদীপ নিজেও আমাদের এ ব্যাপারে খুবই সহযোগিতা করে।” রণদীপ একদিন সুস্থ হয়ে উঠে দাঁড়াবে সেই আশার আলো নিয়েই দিন গুনছেন রণদীপের পরিবার।

