
বিগত বহু বছর ধরে ছোট পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা দ্বৈপায়ন দাস। সিরিয়াস চরিত্রের পাশাপাশি অভিনয় করেছেন কমেডি চরিত্রেও। বেশ কয়েক মাস আগে অভিনেতাকে দেখা গিয়েছিল ‘দুই শালিখ’ ধারাবাহিকে। তার পরে প্রায় ছয়-সাত মাস সে ভাবে পর্দায় দেখা যায়নি তাকে। হঠাৎ করেই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখা যেত অভিনেতা দ্বৈপায়ন দাসের ট্রাভেল ব্লগের ছবি, ভিডিয়ো।
এরই মধ্যে দ্বৈপায়ন এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পায়েল দে-এর সম্পর্ককে ঘিরে নানা আলোচনা হয়েছে। এবার সব জল্পনায় জল ঢেলে অভিনেতা নিজেই জানিয়েছেন তাঁর এই অন্তরালে থাকার আসল কারণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বৈপায়ন জানিয়েছেন, সম্পর্কে কোনও মান-অভিমান নয়, বরং মায়ের অসুস্থতার কারণেই তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। মায়ের সেবা করার জন্য তিনি কাজের জগৎ থেকে দূরে সরেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, দিন কয়েক আগেই তিনি মাতৃহারা হয়েছেন। ব্যক্তিগত জীবনের এই কঠিন শোক সামলে উঠতে এবং নিজেকে সময় দিতেই তিনি এই বিরতির সিদ্ধান্ত নেন।
অভিনেতা বলেন, “অনেকেই ভাবেন আমি খুব ঘুরছি। একেবারেই ভুল ধারণা। আসলে ঘুরতে গিয়ে ভিডিয়ো করি। সেই ভিডিয়োই কেটে কেটে আপলোড করতে থাকি মাঝে মাঝে। তাতেই মনে হয় যে, আমি খুব ঘুরছি! তেমন কিন্তু একেবারেই নয়।”
বিরতি কাটিয়ে দ্বৈপায়ন সম্প্রতি ফিরেছেন স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গঙ্গা’-র শুটিংয়ে। এই ধারাবাহিকে তিনি নায়ক অর্জুনের বড় দাদা ‘উদয়ন’-এর চরিত্রে অভিনয় করছেন। উদয়ন চরিত্রটি বেশ ইতিবাচক, সে ঘরের কাজ ও রান্না করতে ভীষণ পছন্দ করে। আগামী দিনেও তাঁকে ইতিবাচক চরিত্রেই দেখা যাবে কি না, তা অবশ্য সময় বলবে।
