
জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাঁটা-র শুটিং সেটে এবার চরম বিতর্ক। ধারাবাহিকে ভিলেনের চরিত্রে অভিনীত চাঁদনী সাহার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তুমুল শোরগোল টলিপাড়ায়। শুটিং ফ্লোরে কাজের পরিবেশ ও সিনিয়রদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। চাঁদনী লেখেন, ‘কেউ ফোন হাতে নিয়ে ফ্লোরে ঢুকে সবার ওপর ক্যামেরা ধরে র্যান্ডম স্টোরি করছে, এবং কোনো সম্মান নেই যে ফ্রেমে সিনিয়রেরাও আছেন।’
পোস্টে কারোর নাম না উল্লেখ করলেও চাঁদনীর এই ক্ষোভের নিশানা আসলে ধারাবাহিকের নায়িকা উজি ওরফে অভিনেত্রী আরাত্রিকা মাইতির দিকে তা বুঝতে অসুবিধে হয়নি নেটিজেনদের। কারন মাঝেমধ্যেই শুটিং ফ্লোর থেকে সোশ্যাল মিডিয়ায় ভ্লগ বা কনটেন্ট বানাতে দেখা যায় আরাত্রিকা কে।
চাঁদনী আরও লেখেন, ‘যাদের ফ্রেমে নিচ্ছ, তাদের নাম মেনশন করার ন্যূনতম সৌজন্যতা না থাকে, তাহলে প্লিজ ফ্লোরে এসে বিটিএস তুলো না। আমি যদি কোনো সিন করি, আর সেই সময় যদি তোমরা ফোন নিয়ে সামনে এসে দাঁড়াও, তাহলে আমি তোমাদের একদমই এন্টারটেইন করব না।’
শুধুমাত্র নিজেদের কনটেন্ট ভারী করার জন্য সিনিয়রদের ফ্রেমে রেখে ক্যাপশনে শুধু হিরো-হিরোইনের নাম দেওয়ার এই ট্রেন্ডকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না চাঁদনী।
ফ্লোরে ক্যামেরার সামনে অদ্ভুত বা অস্বস্তিকর অ্যাঙ্গেলে সিনিয়রদের ফুটেজ নেওয়া যে কতটা আপত্তিকর, সেটাই মনে করিয়ে দিয়েছেন চাঁদনী এবং স্পষ্ট জানিয়েছেন যে এই ধরনের ড্রামা তিনি শুটিং সেটে বরদাস্ত করবেন না।
