
বাংলা টেলিভিশনের অন্যতম গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’। সিজনের শুরু থেকেই নিজের অসাধারণ গায়কী দিয়ে গানের মঞ্চে ঝড় তুলেছে আয়ুষ গুপ্তা। তার গানের গলায় মুগ্ধ আট থেকে আশি। এত অল্প বয়সে দুর্ধর্ষ গানের গলা সত্যিই ভাবা যায় না। সারেগামাপা সিজন শেষ হয়নি এখনও। তার আগেই বড় সফলতার মুখ দেখলেন জনপ্রিয় প্রতিযোগী আয়ুষ গুপ্তা। সম্প্রতি গায়কের সাফল্যে সকলেই তাকে বাহবা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় গায়ক নিজেই জানালেন সেই সুখবর।
সম্প্রতি ঘোষণা করা হয়েছে সারেগামাপা এই সিজনের টপ ৫ প্রতিযোগীদের নাম। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ইসলামপুরের প্রতিভাবান কিশোর শিল্পী আয়ুষ গুপ্তা। এবার নিজের প্রতিভার জোরে বড় সুযোগ পেলেন এই তরুণ গায়ক। আগামী ১ জুন থেকে জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক “অন্নপূর্ণার লক্ষ্মীরা”। ইতিমধ্যেই ধারাবাহিকটির তৃতীয় প্রোমো প্রকাশ্যে এসেছে। আর সেই প্রোমোর আবহ সঙ্গীত দর্শকদের মন কেড়ে নিয়েছে। আর সেই গানটি গেয়েছেন সকলের প্রিয় আয়ুষ।
সিজন শেষ হওয়ার আগেই এমন বড় সুযোগ ও সাফল্য সত্যিই খুব কম প্রতিযোগীর ভাগ্যে আসে। আয়ুষের এই অর্জনে খুশি তাঁর অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়াতেও বহু দর্শকের একটাই দাবি— এবারের সিজনের বিজয়ী হিসেবে আয়ুষকেই দেখতে চান তাঁরা।
