
দীর্ঘ অসুস্থতার কারনেই বহুদিন ক্যামেরার সামনে আসেননি সব্যসাচী চক্রবর্তী। অভিনেতার অসুস্থতার খবরে সবার মনেই উদ্বেগ তৈরি হলেও এখন অভিনেতাকে নিয়ে অনুরাগীদের দুশ্চিন্তার দিন কাটছে। সম্প্রতি স্ত্রী মিঠু চক্রবর্তী সাক্ষাৎকারে জানালেন, কঠিন সময়ে ঠিক কি ঘটেছিল?
মিঠু চক্রবর্তীর কথায় দু’বার কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই অভিনেতার শ্বাসের সমস্যা শুরু হয়েছিল। এরপর নাতির অন্নপ্রাশনের পরদিন ভোরে হঠাৎ প্রচণ্ড শ্বাস-কষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে পাল্স অক্সিমিটারে পরীক্ষা করতেই চোখ কপালে ওঠার অবস্থা, অক্সিজেনের মাত্রা নেমে গেছে মাত্র ৩৪-এ! পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক ছিল যে এক মুহূর্তও দেরি করা যায়নি। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে পৌঁছে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, এখনই ব্যবস্থা না নিলে হবে না। তাই সেদিনই প্রথমে অস্থায়ী এবং পরে স্থায়ী পেসমেকার বসানো হয়। সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
তবে স্বস্তির খবর চিকিৎসকদের নজরদারিতে থেকে অভিনেতা এখন অনেকটাই সুস্থ। মিঠু চক্রবর্তী স্বস্তির সঙ্গে জানিয়েছেন, আগের চেয়ে তিনি এখন বেশ ভালো আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।
