ফের খারাপ খবর ইন্ডাস্ট্রিতে। ছুটি কাটাতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী। জানা যাচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই দুর্ঘটনায় মেরুদণ্ডে মারাত্মক চোট পান বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। চোট পাওয়ার পর তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে।
প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে তড়িঘড়ি মুম্বাই নিয়ে আসা হয়েছে। জানা যায়, অভিনেত্রীর মেরুদণ্ডে চিড় ধরেছে। খুব শীগ্রই মেরুদণ্ডে অস্ত্রোপচারও করা হবে তার। ইতিমধ্যেই অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের হাসপাতালের সামনে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে অভিনেত্রীকে। সেই সময় তাঁর পাশে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়। অভিনেত্রীর দ্রুত সুস্থতার কামনা করতে নুসরতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা।

২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ দিয়ে বলিপাড়ায় পথচলা শুরু হলেও ২০১০ সালে ‘লাভ সেক্স অউর ধোকা’ এবং পরবর্তীকালে ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’-র মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেন নুসরত।
