
সকাল হতে বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। প্রায় ৪৭ বছরের কেরিয়ারে ৬৫০টিরও বেশি ছবিতে অভিনয় করে যিনি দর্শকের মন ছুঁয়েছিলেন আজ সেই প্রবীণ অভিনেতা আর নেই। বয়সজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। শনিবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
চলচ্চিত্র জগতে তিনি পরিচিত ছিলেন গিরি বাবু নামে। রবিবার দুপুর ৩টে অন্ধ্রপ্রদেশের মেদারামেটলার কাছে তাঁর জন্মস্থান রাভিনুথালায় শেষকৃত্য সম্পন্ন হয়। অভিনেতার শেষ ইচ্ছা ছিল, নিজের জন্মস্থানেই যেন শেষকৃত্য হয়। প্রয়াত বর্ষীয়ান তেলুগু অভিনেতা ইয়েরা শেষগিরি রাও।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাতেও সাফল্য পেয়েছিলেন এই বর্ষীয়ান শিল্পী। তেলুগু চলচ্চিত্রে গিরি বাবুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি।

