‘আমাকে অপমান করে… রাজকে খুব তুচ্ছ বলে মনে হয়… অস্বস্তিতে কেঁদেছিলাম…’, রাজ চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক সঙ্ঘমিত্রা ভট্টাচার্যর

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য

বাংলা টেলিভিশনের জগতে দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী সঙ্ঘমিত্রা ভট্টাচার্য, যাঁকে সবাই ‘কুমকুম’ নামেই চেনেন। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন ‘সংসারের সংকীর্তন’-এ। এর কিছু দিন আগে তাঁকে দর্শক দেখেছিলেন ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে। সম্প্রতি রাজ চক্রবর্তী প্রযোজিত ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে নাকি চোখের জল ফেলতে হয়েছিল অভিনেত্রীকে।

অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীনও হতে হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই রাজ চক্রবর্তীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। ঠিক কী হয়েছিল তার সঙ্গে?

বিস্তারিত জানাতে সঙ্ঘমিত্রা বলেন, “গৃহপ্রবেশ গল্পটা নিউ ইয়র্ক থেকে শুরু হয়েছিল। সেখানে আমার লুকেও বেশ কিছু পরিবর্তন আসায় আমার পোশাকেও পরিবর্তন আসে। নতুন লুকে বলা হয়েছিল, ব্লাউজ়ের বোতাম পিঠের দিকে হবে। এ বার ব্লাউজ়ের বোতাম পিঠে হলে তো, কারও না কারও সাহায্য লাগবেই। এমনই এক দিন যখন শটে যাওয়ার আগে তৈরি হচ্ছি, তখন ব্লাউজ় পরার জন্যে সাহায্য চেয়েছিলাম সেটের এগ্‌জ়িকিউটিভ প্রোডিউসার এবং অন্যদের থেকে। কিন্তু কেউ আমাকে সাহায্য করেননি। খুব খারাপ লেগেছিল। অস্বস্তিতে কেঁদেছিলাম।”

সেই সময়ে এই বিষয়ে কথা বলার জন্য প্রযোজক রাজের সঙ্গেও যোগাযোগ করেন অভিনেত্রী। সঙ্ঘমিত্রার দাবি, ‘রাজ ফোন করে আমার কথাই শুনতে চায়নি। আমার মেয়েও তখন ছিল পাশে। উল্টে খালি আমাকে বলে গিয়েছে, দিদি, কেউ তোমাকে অসম্মান করেনি। প্লিজ় কাজ করে দাও। ব্লাউজ়ের ওই ঘটনার পরে আমাকে বেশ কিছু দিন শুটিংয়ের ডেটও দেওয়া হয়নি। তার পরে এক দিন ডেকে অনেক দৃশ্যে একসঙ্গে শুটিং করিয়ে নেওয়া হয়েছিল।’

সঙ্ঘমিত্রা জানিয়েছেন, ধারাবাহিকের এগ্‌জ়িকিউটিভ প্রযোজক মধ্যরাতের পরে এই কারণে ‘সরি’ বললেও, সামনে কোনও দিন ঠিক করে কথা বলেননি।

সঙ্ঘমিত্রা বলেন, “পরে সেটে অনেক বার রাজ এসেছে। প্রত্যেকের সঙ্গে কথা বলেছে। কিন্তু কোনও দিন আমাকে ডেকে কথা বলেনি। আমিও মনে করিনি কথা বলার দরকার আছে বলে। তাই আমিও এড়িয়ে গিয়েছি। আমার রাজকে খুব তুচ্ছ বলে মনে হয়েছে।” তবে এই মুহূর্তে অন্য ধারাবাহিকে কাজ করছেন অভিনেত্রী। সেখানে অবশ্য সবার সঙ্গে কাজ করার খুবই ভাল অভিজ্ঞতা বলে জানিয়েছেন সঙ্ঘমিত্রা।