
গিটার হাতে মঞ্চ কাঁপানো সেই মানুষটি আজ বাংলা রক সংগীতের আইকন রূপম ইসলাম। তাঁর কনসার্ট মানেই হাজারে হাজারে ভক্তের সমাগম এবং ‘রূপম ইসলাম’ নামের চিৎকার। ছোটবেলায় আকাশবাণী ও দূরদর্শনে গান গাইতেন তিনি। তার বিখ্যাত ব্যান্ডের প্রথম অ্যালবামটি বাংলা ব্যান্ড মিউজিকের সংজ্ঞাই বদলে দেয়। কিন্তু মঞ্চে হাজারো ভক্তের হাততালির আড়ালে গায়কের বাক্তিগত জীবনের কঠিন লড়াই হয়ত অনেকেরই অজানা।
শিল্পী হিসেবে তার দীর্ঘ পথচলায় যেমন সাফল্য এসেছে তেমনই এসেছে অপ্রীতিকর অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা ফাঁস করলেন রুপম। গায়কের কথায়, একটা সময় পরিস্থিতি এতটাই জটিল হয় যে আত্মহত্যার মত নির্মম কাজ করার কথাও ভেবেছিলেন।
রুপমের কথায়, ইন্ডাস্ট্রির কিছু মানুষের আচরণ তাকে আঘাত করেছিল। মঞ্চে গান করতে উঠলে মাইকের তার খুলে দেওয়া থেকে শুরু করে সাউন্ড বাড়িয়ে দিয়ে মঞ্চে তাকে অস্বস্তিতে ফেলা এমন অনেক ঘটনাই আছে। গানের জগতের বাইরে ব্যাক্তিগত জীবনেও সেই সময়টা তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে নিজেকেই শেষ করে দিতে চেয়েছিলেন।
রুপমের এই কঠিন অধ্যায় যেন মনে করিয়ে দেয়, একজন শিল্পীর জনপ্রিয়তা বা মঞ্চের সাফল্য দেখেই তার ব্যক্তিগত জীবনের লড়াই টের পাওয়া যায় না।
