আচমকাই অসুস্থ রণজয়! শুটিং ফ্লোরে মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা, ঠিক কি হয়েছে তার?

রণজয় বিষ্ণু

বেশ কয়েকদিন ধরে তাঁর দাম্পত্য বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন রণজয় বিষ্ণু। ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা। শুক্রবার শুটিং চলাকালীন রণজয়ের অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়ায় অনুরাগীমহলে। ঠিক কি হয়েছে অভিনেতার?

শুটিং ফ্লোরে একটি শট দেওয়ার পরেই অভিনেতার শরীর অত্যন্ত খারাপ হতে শুরু করে। পরিচালকের নির্দেশে মেকআপ রুমে ফিরে যাচ্ছিলেন অভিনেতা। তবে পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক রূপ নেয় যে, লিফটে ওঠার ঠিক আগেই মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি।

ইদানীং টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে রণজয় বিষ্ণু ও স্ত্রী তথা অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির দাম্পত্যে নাকি ছেদ পড়ছে।‌ এদিন এক সাক্ষাৎকারে রণজয় মেনে নিয়েছেন তিনি আর শ্যামৌপ্তি আর এক ছাদের তলায় থাকেন না। ওদিকে পালটা নায়কের বিরুদ্ধে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। শ্যামৌপ্তির নামেও রটেছে পরকীয়ার গুঞ্জন। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে শ্যামৌপ্তি মুদলি তেমন কোনও মন্তব্য করেননি। খবর রটেছে, নায়িকা নাকি মন দিয়েছেন অন্য কাউকে। শুরুর দিকে এই সম্পর্ক নিয়ে তেমন সচেতন না হলেও এখন বেশ অনেক দূর জল গড়িয়েছে।

শারীরিক ও মানসিক— উভয় দিক থেকেই মারাত্মক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিনেতা। হিন্দুস্তান টাইমস বাংলাকে সেটে উপস্থিত এক সূত্র জানায়, পেশাগত ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনের দীর্ঘদিনের এই মানসিক চাপ এবং সম্পর্কের টানাপোড়েনই হয়ত নায়কের শারীরিক অসুস্থতার মূল কারণ। আপতত বিশ্রামে আছেন অভিনেতা। রণজয়ের এই হঠাৎ অসুস্থতার খবরে চিন্তিত অভিনেতার অগুনতি অনুরাগী ও টেলিপাড়ার সহকর্মীরা।