‘অনেকে জানত আমি বড়মাপের সাংবাদিক… ওই একটা ঘটনা আমার জীবনটাকে… ১৬ বছর বাড়ি থেকে বেরোয়নি… কেউ কাজ দিতে চাইত না কারন…’, ব্যক্তিগত জীবনের অজানা সত্যি ফাঁস করলেন কৃষ্ণকিশোর মুখার্জী

কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে মেঘের বাবা অনিন্দ্য চরিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। ছোটপর্দায় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বলাই বাহুল্য, বাংলা চলচ্চিত্র জগতের একজন দক্ষ শিল্পী তিনি।

বর্তমানে অভিনেতা হিসাবে জনপ্রিয় হলেও একসময় খ্যাতি পেয়েছিলেন সংবাদ সঞ্চালক হিসেবেই। অত্যন্ত জনপ্রিয় সংবাদ ও ফিচার অনুষ্ঠান ‘খোঁজখবর’-এর চেনা মুখ ছিলেন তিনি। সঞ্চালক হিসাবে দর্শকের কাছে প্রশংসা পেলেও অভিনয় কেরিয়ারে এগিয়ে যেতে পারেননি। হাতছাড়া হয়েছে বহু কাজ। কিন্তু কেন? সম্প্রতি আড্ডা স্টেশনকে দেওয়া সাক্ষাতকারে আসল সত্যি ফাঁস করলেন অভিনেতা।

অভিনেতা জানান, একসময় অনুসন্ধানমূলক সংবাদ পরিবেশনের কারণে সেই সময়ে তাঁর বিরুদ্ধে মেদিনীপুর, হাওড়া ও আলিপুরসহ একাধিক আদালতে অসংখ্য মানহানির মামলা ঠুকে দেওয়া হয়েছিল। ঘনঘন আদালতের চক্কর কাটা এবং আইনি ঝামেলার কারণে তৎকালীন অনেক প্রযোজক ও পরিচালক তাঁকে কাজের সুযোগ দিতে অনীহা প্রকাশ করেন, যার ফলে ক্যারিয়ারের চূড়ান্ত তুঙ্গে থাকা অবস্থাতেও তাঁর হাত থেকে বহু বড় কাজ হাতছাড়া হয়ে যায়।

লাইমলাইট থেকে দূরে সরে যাওয়া কিংবা তাঁর নিখোঁজ থাকার পেছনে মূল কারণ ছিল তাঁর একান্ত ব্যক্তিগত জীবন ও প্রচারবিমুখ মানসিকতা। অভিনেতার কথায়, খ্যাতির চাপ তিনি নিতে চান না এবং সোশ্যাল মিডিয়া বা মিডিয়া পিআর থেকেও তিনি নিজেকে দূরে রাখেন। পাশাপাশি, বাড়িতে স্ত্রী, সন্তান, শাশুড়ি ও একঝাঁক পোষ্যদের নিয়ে তাঁর এক বড় পরিবার রয়েছে, যাদের ছেড়ে গত ১৬-১৭ বছর ধরে তিনি কোথাও যাননি।

মাঝখানে শারীরিক অসুস্থতা ও একটি বড় অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেলেও তিনি এখন সম্পূর্ণ সুস্থ। বর্তমানে অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনে কাজ করতে বেশি ভালোবাসেন এবং ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দ মহারাজের জীবন নিয়ে তৈরি বেশ কিছু বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি পরিচালনার কাজ নিয়ে নিভৃতে নিজের মতো ব্যস্ত রয়েছেন।