
টেলিপাড়ার অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছিল জনপ্রিয় জুটির প্রেমের গুঞ্জন। অবশেষে মঙ্গলবার তাতে পড়ল আনুষ্ঠানিক সিলমোহর। তবে আর কোনো লুকোছাপা নয়, জনপ্রিয় ধারাবাহিকের সেটেই বাগদান সাড়লেন সিরিয়ালের হিট জুটি। অনস্ক্রিন রসায়ন এবার অফস্ক্রিন জীবনের বাস্তবতায় রূপ নিল।
বাগদান বা আংটি বদল সেরে ফেললেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। আংটি বদলের এই বিশেষ ও স্মরণীয় দিনে খাঁটি বাঙালি সাজে ধরা দিয়েছিলেন পর্দার ‘দীপ’ আর ‘ঝাঁপি’। শুভস্মিতার পরনে ছিল ট্র্যাডিশনাল লাল শাড়ি, গা ভর্তি সোনার গয়না আর চুলে গোঁজা গোছা ফুল। অন্যদিকে সৌরভকে দেখা গেল লাল-সাদা কম্বিনেশনের পাঞ্জাবিতে।
বাগদানের মিষ্টি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে শুভস্মিতার উদ্দেশ্যে সৌরভ লেখেন, “মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে আমার মনে হয়, যেন এই জীবনের অস্তিত্ব তৈরি হওয়ারও অনেক আগে থেকে আমি তোমাকে ভালবেসে এসেছি… আর এমনকী সেই সময়েও যখন তোমার চোখেই আমি খুঁজে পেয়েছিলাম আমার ঘর। চিয়ার্স বন্ধু! আজ, কাল এবং চিরকাল।”চিঠির শেষেই সৌরভ জুড়ে দিয়েছেন ওঁদের জীবনের সবচেয়ে বড় ঘোষণা— “হ্যাঁ, আমাদের বাগদান সম্পন্ন হয়েছে!”
স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে কাজ করার সময় থেকেই একে অপরের কাছাকাছি আসেন সৌরভ ও শুভস্মিতা। ক্যামেরার পেছনের ওঁদের বন্ধুত্ব যে প্রেমে রূপ নিয়েছে, তা ভক্তরা আঁচ করতে পারলেও দুজনে এতদিন মুখে রা-টুকুও কাড়েননি। অবশেষে আংটি বদল সেরেই অফিশিয়ালি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করলেন তাঁরা।

View this post on Instagram
