
‘দাদাগিরি’র পর এবার স্টার জলসায় আসন্ন রিয়্যালিটি শো ‘বাংলা বিগবস’ ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আর সঞ্চালনার দায়িত্বে থাকছেন স্বয়ং দাদা সৌরভ গাঙ্গুলি। এর মাঝেই বড় খবর দিলেন গায়িকা দেবলীনা নন্দী। বিগবসের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় নাকি উঠে এসেছে দেবলীনার নাম। শোনা যাচ্ছে, আগস্ট মাস থেকেই ‘বিগবস’-এর ঘরে অংশ নিতে পারেন গায়িকা।
বেশকিছু দিন আগেই স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে আইনি ঝামেলায় জড়ান দেবলীনা। প্রবাহর সঙ্গে বিচ্ছেদের বিতর্কের মাঝেই দিলেন বড় খবর। ‘বিগবস’ ঘরে যাওয়ার জন্য ইতিমধ্যেই আমন্ত্রন পেয়েছেন গায়িকা। তবে কি সত্যি ‘বিগবস’ এর সদস্য হচ্ছেন গায়িকা?
এক সাক্ষাৎকারে দেবলীনা জানান, দীর্ঘ সময় ধরে একটি রিয়্যালিটি শোয়ের ঘরে বন্দি থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ সামনে তাঁর একাধিক রেকর্ডিং, শুটিং এবং মঞ্চানুষ্ঠানের কাজ রয়েছে। অনেক কাজের জন্য আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে তিনি জানান। তাই সব ছেড়ে এখন এই শোয়ে যোগ দেওয়া বাস্তবসম্মত হবে না বলেই তাঁর মত।
সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় আর কারা রয়েছেন, সেই বিষয়ে অবশ্য কোনও তথ্য তাঁর কাছে নেই বলে জানান দেবলীনা। তবে তিনি বলেন, ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক রয়েছে। তাই ভবিষ্যতে যদি এমন কোনও সুযোগ আসে, কারও সঙ্গে একই ঘরে থাকতে তাঁর কোনও সমস্যা হবে না।
সাক্ষাৎকারে দেবলীনার স্বামী প্রবাহ নন্দীকেও যদি এই শোয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়, তাহলে তাঁর মত কী হবে, সেই প্রশ্নও করা হয়। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি গায়িকা। আপাতত এই প্রসঙ্গে মন্তব্য করা থেকে বিরত থাকতেই পছন্দ করেছেন তিনি।
