
বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন কে নিয়ে ফের উদ্বিগ্ন দর্শকমহল। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৮ -এর শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে অমিতাভ বচ্চন। আচমকাই পড়ে গিয়ে চোট পেলেন পায়ে। হাঁটুতে এত জোর আঘাত পেয়েছেন যে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছেন না। ঠিক কী ঘটেছে?
‘কেবিসি’র শুটিং চলাকালীন আচমকাই স্লিপ কেটে পড়ে যান অভিনেতা। সাধারণত প্রতি পর্বে স্টেজের মাঝে দাঁড়িয়ে নিজের আইকনিক মনোলগ দিয়ে শো শুরু করলেও, এদিন সঞ্চালনার চেয়ারে বসে পর্বটি শুরু করেন ৮৩ পার করা এই মেগাস্টার!
অমিতাভ জানিয়েছেন, ‘সাধারণত আমি স্টেজের মাঝে দাঁড়িয়ে মনোলগ বলি। কিন্তু আজ আমার পায়ে একটা আঘাত আছে। কাল শুটিং চলাকালীন আমি পড়ে গেছি স্লিপ কেটে, হাঁটুতে লেগেছে।’ ফলে তিনি সোজা হয়ে ঠিক ভাবে দাঁড়াতে পারছেন না।
৮৩ বছর বয়সে এসেও অবসর নেননি অমিতাভ বচ্চন। বরং নিরলস ভাবে কাজ করে চলেছেন। বার্ধক্যের ক্লান্তি-আলস্য কোনও কিছুই তাঁকে ছুঁতে পারেনি। বরং আজও একটা দিন কাজ না করলে ভালো লাগে না বিগ বি’র। প্রায় ২৪ ঘণ্টা তিনি কাজ করেন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ -এর শুটিং তো আছেই, এছাড়া সিনেমা, বিজ্ঞাপনের কাজ থাকে তাঁর। নিজে লেখালেখিও করেন। সবটা মিলিয়েই সমস্ত কাজ নিয়ে তাঁর সারাদিন কেটে যায়।
তবে আজ তিনি যতটা প্রাণবন্ত, তাঁর শারীরিক লড়াইয়ের ইতিহাস ততটাই দীর্ঘ ও জটিল। কেরিয়ারের শুরু থেকেই একাধিক প্রাণঘাতী ব্যাধি ও দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন ‘শাহেনশাহ’। কিন্তু অসুস্থতাকে কখনও নিজের কাজের পথে বাধা হতে দেননি বলিউডের এই মেগাস্টার।
