সঞ্চালনা করেই মোটা টাকা আয়! জানেন ‘দিদি নাম্বার ১’ থেকে কত পারিশ্রমিক পেতেন রচনা ব্যানার্জি?

রচনা ব্যানার্জি

দীর্ঘ ১৫ বছরের যাত্রা মাত্র দুদিনেই শেষ। পাল্টে গেল জি-বাংলার ‘দিদি নাম্বার ১’ এর সঞ্চালিকা। রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আচমকাই চ্যানেলের সিদ্ধান্তে অসন্তুষ্ট অভিনেত্রী। শো থেকে বাদ পড়ার পর থেকেই রচনার অনুরাগীদের মধ্যে হতাশা যেমন রয়েছে, তেমনই নতুন সঞ্চালিকাকে ঘিরেও শুরু হয়েছে নানা আলোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, শো থেকে তাঁর বিদায়টা মোটেই প্রত্যাশিত ছিল না। তাঁর অভিযোগ, চ্যানেল অত্যন্ত অপেশাদারভাবে এই দীর্ঘ যাত্রার ইতি টেনেছে এবং সিদ্ধান্ত জানাতে খুব কম সময় দেওয়া হয়েছিল। সেই কারণেই ভবিষ্যতে আর কোনওদিন ‘দিদি নম্বর ১’-এ ফিরে আসার সম্ভাবনা নেই বলেও স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী।

অন্যদিকে অনেকের ভাবনা রচনা প্রতি পর্বের জন্য প্রায় ১ থেকে ২ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। যদিও এই অঙ্কের সত্যতা নিয়ে চ্যানেল বা অভিনেত্রীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আর অতিরিক্ত পারিশ্রমিকের জন্যই নাকি ‘দিদি নাম্বার ১’ ছেরেছেন রচনা?

অতীতেও ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের মুখ বদল হয়েছিল। ২০১৩ সালে পঞ্চম সিজনে দেবশ্রী রায় সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন। সেই সময় পারিশ্রমিক সংক্রান্ত মতবিরোধের জল্পনা শোনা গেলেও, রচনা, প্রযোজনা সংস্থা বা চ্যানেল কেউই সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

এবার নতুন সিজনে স্বস্তিকা মুখোপাধ্যায়ের পারিশ্রমিক নিয়েও কৌতূহলের শেষ নেই। অনেকের ধারনা তিনি প্রতি পর্বে প্রায় ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে পারিশ্রমিক পেতে পারেন। যদিও স্বস্তিকার সঙ্গে হওয়া চুক্তি বা পারিশ্রমিকের অঙ্ক এখনও প্রকাশ্যে আসেনি।