‘প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম..সেদিনের পর থেকে আমি আর… বাবাকে মার খেতে দেখে…’, প্রয়াত বাবা অভিষেক চট্টোপাধ্যায়কে নিয়ে অজানা সত্যি ফাঁস করলেন মেয়ে সাইনা

সাইনা চট্টোপাধ্যায়

বাবাকে দেখেই অভিনয়ে পা রাখা, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়ের ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকের। সদ্য শেষ হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক ‘কনে দেখা আলো’। তবে নিজে অভিনয় করলেও, বাবার অভিনয় খুব একটা দেখতেন না সাইনা? ঠিক কোন বিশেষ কারণে এমন সিদ্ধান্ত সাইনার?

সম্প্রতি, ‘দাদাগিরি’-র মঞ্চে দেখা গিয়েছিল সাইনাকে। যেখানে এসেছি জ়ি বাংলার বিভিন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা একঝাঁক জুটি। দেবের কাছে সে দিন অভিনয় দুনিয়ায় পা রাখা থেকে নানা অভিজ্ঞতাও ভাগ করেছিলেন সাইনা। বাবার সিনেমা সাইনা দেখেন না শুনে সকলের মতো দেবও অবাক হয়ে গিয়েছিলেন।

সাইনা বলেন, ‘বাবা একবার আমায় একটা সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল। যে সিনেমায় দেখেছি কয়েকজন আমার বাবাকে একটা লাঠি দিয়ে মারছে। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তার পরে আমি ঠিক করেছিলাম আর কোনও দিন বাবার কাজ দেখব না। অনেকদিন পরে হঠাৎ মনে হলো বাবার কোনও একটা কাজ দেখা উচিত।’

অনেকেই তাঁকে বলেছিলেন, নিজের বাবার কাজ দেখিস না, এটা একেবারেই ঠিক নয়। তাই সাইনাও ঠিক করলেন এ বার বাবার একটা সিনেমা দেখবেন। তাই আবারও একটা সিনেমা দেখতে বসেন। সাইনা হেসে বলেন, ‘এই সিনেমায়ও দেখেছি আবার বাবা মার খাচ্ছে। আবারও সেটাই মনে পড়ে গিয়েছে।’

এক সময় একের পর এক সিনেমায় অভিনয় করেছেন সাইনার বাবা অভিষেক। কখনও মুখ্য চরিত্রে কখনও আবার দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে তাঁকে। রোমান্টিক দৃশ্যের পাশাপাশি অভিষেককে বহুবার করতে হয়েছে অ্যাকশন দৃশ্যে অভিনয়।