
আরও এক অসাধারণ প্রতিভাকে হারাল বিনোদন জগত। চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী। ২২ আগস্ট ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৯০ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই শোকের ছায়া নেমে আসে ইন্ডাস্ট্রিতে। প্রতিভাবান এমন অভিনেত্রীকে এভাবে হারাতে হবে তা মেনে নিতে পারছেন না অনেকেই।
২৩ আগস্ট সকালেই অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। বি আর চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর জন্য পর্দায় ব্যপক জনপ্রিয়তা পান তিনি। সেখানে তিনি কৃপীর চরিত্রে অভিনয় করেছিলেন। মহাভারতের কাহিনিতে কৃপী ছিলেন কৃপাচার্যের বোন, দ্রোণাচার্যের স্ত্রী এবং অশ্বত্থামার মা। এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে টেলিভিশন দর্শকদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন অভিনেত্রী।
প্রয়াত হলেন প্রবীণ অভিনেত্রী আশা সিং জয়সওয়াল। প্রায় পাঁচ দশক ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭০-এর দশক থেকেই তাঁর কাজের পথচলা শুরু হয়। সিনেমা ও টেলিভিশন, দুই মাধ্যমেই বিভিন্ন চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। তাঁর অভিনয়ের পাশাপাশি মিমিক্রি শিল্পী হিসেবে পরিচিতিও তাঁকে আলাদা জায়গা করে দিয়েছিল। অভিনয়ের পাশাপাশি বিনোদন জগতের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তিনি ‘আশা ইভেন্টস অ্যান্ড ফিল্মস’ নামে একটি বিনোদন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

