‘যে মানুষটির অস্তিত্ব মুছে গেছে… তাকে নিয়ে খারাপ কথা বলে…’, স্বামী গৌরবের প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন দেবলীনা

দেবলীনা কুমার

প্রাক্তন কথাটির সাথে তিক্ততা মিশে থাকলেও সম্পর্কের সমীকরণ পাল্টে দিয়েছেন দেবলীনা কুমার। টলিপাড়ায় অন্যতম চর্চিত জুটি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। দেবলীনা কে বিয়ে করা আগে ২০১৩ সালে গৌরব এবং অনিন্দিতা সাত পাকে বাঁধা পড়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত ২০১৫ সালে সেই বিবাহ বিচ্ছেদে পরিণত হয়ে যায়। ২০২০ সালে দেবলীনাকে বিয়ে করেন গৌরব।

তবে জানেন কি স্বামীর প্রাক্তনের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক দেবলীনার। সম্প্রতি আম অর্পিতাকে দেওয়া সাক্ষাৎকারে অনিন্দিতার সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন দেবলীনা।

দেবলীনা জানান, তথাকথিত প্রাক্তনের সঙ্গে সমীকরণ বলতে যা বোঝায় অনিন্দিতার সঙ্গে তার সম্পর্ক একেবারেই তা নয়। অনিন্দিতা একজন মানুষ হিসেবে কেমন, সেটাই দেবলীনার কাছে প্রাধান্য পায় আর তাই একে অপরের সিনেমার প্রিমিয়ার হোক অথবা দুর্গাপুজোয় আড্ডা, মুম্বই থেকে কলকাতা ফিরলেই বিনা দ্বিধায় দেবলীনার কাছে পৌঁছে যেতে পারেন অনিন্দিতা।

দেবলীনার মতে, যে মানুষটির অস্তিত্ব অনেক আগেই মুছে গিয়েছে, যার সঙ্গে সম্পর্ক আগেই শেষ হয়ে গিয়েছে, তাকে দেখে মুখ ঘুরিয়ে নেওয়া অথবা তার সম্পর্কে খারাপ কথা বলার মধ্যে কোনও মাহাত্ম্য নেই বলেই মনে করেন অভিনেত্রী।

স্বামীর প্রাক্তন স্ত্রী অনিন্দিতা শুধুমাত্রই স্বামীর প্রাক্তন স্ত্রী হিসেবে পরিচিত নয় দেবলীনার কাছে, বরং অনিন্দিতা-দেবলীনা ভীষণ ভালো বন্ধু। অনিন্দিতার পরিচয় শুধুমাত্র প্রাক্তন হিসেবে সীমাবদ্ধ নেই দেবলীনার কাছে বরং তিনি মানুষ অনিন্দিতাকে ভীষণ পছন্দ করেন।

তবে অনিন্দিতার সঙ্গে দেখা হলেই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না দেবলীনা বরং এখন ব্যক্তিগত সম্পর্ককে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, নেগেটিভ কমেন্টস এই সবকিছু থেকে নিজেদের দূরে রাখার জন্যই এই পন্থা বেছে নিয়েছেন অভিনেত্রী। যদিও তিনি এও মনে করেন, অনেকে আছেন যারা প্রাক্তনের সঙ্গে কথা বলতে পারেন না অথবা প্রাক্তনকে মেনে নিতে পারেন না তাই তারা হয়তো তাদের নিজেদের জায়গা থেকেই নেগেটিভ কমেন্ট করেন।