
২০১৮ সালে প্রথম স্তরের স্তন ক্যানসার ধরা পড়েছিল অভিনেত্রী এষা ভট্টাচার্যের। সেই সময় সফল অস্ত্রোপচারের এবং চিকিৎসার পর সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফেরেন অভিনেত্রী। তবে চলতি বছরে মে মাসে আবারো মারণরোগ তার শরীরে বাসা বাঁধে।
মায়ের অসুস্থতার কথা নিজের ব্লগে জানিয়েছিলেন মেয়ে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। অভিনেত্রী জানিয়েছিলেন কীভাবে তার মা এই রোগের সাথে আবার লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। প্রেরণা জানিয়েছিলেন, “ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। জেনেটিক পরীক্ষা করে জানা যায়, মায়ের জিনে ক্যানসার সেল রয়েছে। ঝুঁকি কমানোর জন্য চিকিৎসকেরা জানিয়েছিলেন, দু’টি স্তনই অস্ত্রোপচার করে বাদ দিয়ে দেওয়া যেতে পারে। মা নিজেই ঠিক করেছিল অস্ত্রোপচার করার।”
কিছুদিন আগেই ক্যান্সার জয় করে বাড়ি ফিরেছিলেন অভিনেত্রী। তবে সেই রেশ কাটতে না কাটতেই আবারো নিজের ব্লগ ভিডিওতে অনুরাগীদের মন খারাপ করে দিলেন প্রেরণা। ভিডিওতে দেখা গেল, এষা ভট্টাচার্য আবারও একটি হাসপাতালের বেডে শুয়ে আছেন। আর সেই দৃশ্য দেখেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাহলে কি ফের অসুস্থ হলেন অভিনেত্রী?
তবে সেরকম দুশ্চিন্তার কোন কারণ নেই, প্রেরণা নিজেই জানিয়েছেন অনুরাগীদের। এবার চিত্রটা একেবারেই অন্য। আসলে এবার এষা ভট্টাচার্য অসুস্থ জন্য নয়, তিনি সুস্থই রয়েছেন। প্রেরণা জানান, তার মার যেহেতু কিছুদিন আগে বড় অপারেশন হয়েছিল, তাই চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে প্রতি মাসে কয়েকটি রুটিন চেকআপের মধ্য দিয়ে যেতে হয়। সেই কারণেই তাকে ২/১ দিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চেকআপ করেই আবার বাড়ি ফিরে আসবেন অভিনেত্রী।
