
টলিপাড়ার শুটিং ফ্লোরে ফের মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে স্টার জলসার আসন্ন গেম শো ‘খেলো বাংলা’-র সেটে। আপনারা জানেন বিগ বাংলা পৌঁছে গেছে ফিনালের দোরগোড়ায়। এই শো শেষ হতেই চ্যানেল নিয়ে আসবে নতুন গেম শো। সৌরভ গাঙ্গুলির হাত ধরেই এগোবে সেই। দাদাগিরি’র মতোই এই শোয়ের সঞ্চলনার দায়িত্বে থাকবেন তিনি। ইতিমধ্যে শোয়ের শুটিং শুরু হয়ে গিয়েছে। সেই ফ্লোরেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।
২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সেটে শুটিং চলাকালীন ফ্লেক্স লাগাতে গিয়ে উপর থেকে পড়ে প্রাণ হারান আর্ট বিভাগের কর্মী চন্দ্রকান্ত স্বাইন। পরপর এরকম দুর্ঘটনায় টেকনিশিয়ানের মৃত্যুতে প্রশ্ন উঠছে টলিপাড়ার নিরাপত্তা নিয়ে।
জানা গিয়েছে, আসন্ন গেম শো ‘খেলো বাংলা’-র সেট নির্মাণের কাজ চলছিল। ফ্লেক্স লাগানোর সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যান চন্দ্রকান্ত। গুরুতর আঘাত লাগায় প্রাণ হারান। জানা গিয়েছে, মৃত চন্দ্রকান্তের পরিবারে বাবা-মা এবং এক দাদা রয়েছেন। গোটা ঘটনায় নীরব চ্যানেল কর্তৃপক্ষ।
