
গানের জগতে পরিচিত নাম কৌশিকী চক্রবর্তী। গায়িকা গানের গলা যেমন মধুর তেমনই মিষ্টি মুখের হাসি। কিংবদন্তি সংগীতগুরু তথা বাবা অজয় চক্রবর্তী-র কড়া শাসন ও তালিমের মধ্য দিয়েই বেড়ে ওঠা গায়িকার। বাবার অনুগত শিষ্যা এবং আদরের মেয়ে হয়েও বাবার বিরুদ্ধে গিয়ে নিয়েছিলেন নিজের বিয়ের সিদ্ধান্ত।
সম্প্রতি ‘আড্ডা জিবি’ পডকাস্টে এসে স্বামী পার্থসারথি দেশিকন-এর সঙ্গে প্রেম, বিয়ে নিয়ে বাবার প্রবল আপত্তির কথা জানান গায়িকা।
সাক্ষাৎকারে সঞ্চালক গৌতম ভট্টাচার্য প্রসঙ্গ তোলেন ‘মোহাব্বতে’ ছবির। তিনি বলেন, অনেকেই মনে করেন অজয় চক্রবর্তীর সংসারে পণ্ডিতজি যদি অমিতাভ বচ্চন (নারায়ণ শঙ্কর)-এর মতো কড়া হন, তবে কৌশিকী হলেন ছবির সংগীত শিক্ষক ‘রাজ আরিয়ান মালহোত্রা’ (শাহরুখ খান)। সঞ্চালকের এই তুলনায় হেসে সায় দিয়ে কৌশিকী বলেন, ‘খুব ভুল না।’
বিয়ের সিদ্ধান্তে বাবা পণ্ডিত অজয় চক্রবর্তী যে ভীষণ রেগে গিয়েছিলেন, সে কথা অকপটে স্বীকার করে নিয়েছেন কৌশিকী। তিনি জানান, গোটা জীবনে ওই একটি ক্ষেত্রেই তিনি বাবার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করেছিলেন।
কৌশিকীর কথায়, ‘হ্যাঁ, ওই একটাই আমি রিবেল (বিদ্রোহ) করেছিলাম। তবে ওই যুদ্ধটা অতটা বড় হওয়ার কারণ শুধু আমরা দুজন আর বাবা-মা ছিলাম না। সেই যুদ্ধটা প্রায় একটা ‘পাবলিক নিউজ’ হয়ে দাঁড়িয়েছিল, যেটা আমরা কেউই চাইনি।’
বাবার বিরুদ্ধে লড়াই করেও পার্থসারথি ও কৌশিকীর দাম্পত্য আজ সফলভাবে ২২ বছর পার করে ফেলেছে। ছেলেবেলার বন্ধু কৌশিকী ও তাঁর স্বামী পার্থসারথি দেশিকান। একসঙ্গে বেড়ে ওঠা, সঙ্গীতশিক্ষা তাদের। ২০০৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন দুজনে। তাদের একমাত্র ছেলে ঋষিত।
স্বামী প্রসঙ্গে কৌশিকি বলেন, ‘আমার তখন দুই বা তিন বছর, আর ওর আট। তখন থেকে দেখছি দুজন দু’জনকে, ঠিক কবে প্রেম হয়েছে মনেও পড়ে না।’ বয়সে কৌশিকি তাঁর স্বামীর চেয়ে বছর পাঁচেকের ছোট। বর্তমানে সংসার, সন্তান সবটা একা হাতে সামাল দিয়ে এগিয়ে চলেছেন গায়িকা।
