
অবশেষে মা হওয়ার স্বপ্নপূরণ হল সায়ক চক্রবর্তীর প্রাক্তন বৌদি সুস্মিতা রায়ের। ব্যবসায়ী শুভাশিস দে-র সঙ্গে পঞ্চম বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথাতেই আচমকা খুশির খবর দিলেন। যদিও গর্ভবতী হওয়ার খবর আড়ালে রেখেছিলেন অভিনেত্রী।
সায়কের দাদা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর সাথে বিয়ের পর একবার গর্ভপাত হয়েছিল। চিকিৎসকের গাফিলতিতেই সন্তান হারিয়েছেন তিনি। সব্যসাচীর সাথের ডিভোর্সের পর তাকে একাধিক সাক্ষাৎকারে বলতে শোনা যায় মা হওয়ার সুপ্ত ইচ্ছা।
পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসায় ধেয়ে এসেছিল একাধিক কটাক্ষ। অতীতের সম্পর্ক অনেক কাঁটাছেঁড়া হয়। অবশেষে সব বাধা পেরিয়ে অভিনেত্রীর জীবনে সেই স্বপ্নের দিন হাজির। হাসপাতাল থেকে সদ্যজাতের হাতের ছবি শেয়ার করে সুস্মিতা লেখেন, “মা’ হলাম ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।”
অভিনেত্রী আরও লেখেন, “এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গেছে, তাই এবারের পথচলাটা নীরবে আগলে রেখেছিলাম। গতবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল—সব শুভশক্তির আশীর্বাদে, সব কু-নজর আর অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব।
আর এই দীর্ঘ পথচলায়, যখন অনেকেই বিশ্বাস হারিয়েছিল, অনেকেই চাইনি আমি মা হই, তখন পাহাড়ের মতো অবিচল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল একজন মানুষ—আমার স্বামী, শুভাশিস দে। যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন ‘মা’ ডাকা সোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। তাকে ধন্যবাদ জানাব না, কারণ সে আমার নিজের মানুষ, আমার সন্তানের বাবা, আমার জীবনসঙ্গী। শুধু এটুকুই বলব—আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল।
আজ আমি মা হয়েছি। আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেল। যারা সবসময় পাশে ছিলেন, শুভকামনা আর আশীর্বাদে আমাকে আগলে রেখেছেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমাদের জন্য আশীর্বাদ করবেন—এই ছোট্ট অলৌকিকতাকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন।” তবে পুত্র না কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তা পোস্টে জানানি তিনি। তবে ছবি দেখে অনেকে বলছেন কন্যা সন্তান হয়েছে সুস্মিতার। যদিও অভিনেত্রী তা স্পষ্ট করেননি।