
ধারাবাহিক ‘চিরসখা’র সূত্র ধরে পার্থ বেরা ও ঐশী ভট্টাচার্যের জুটি জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। প্লুটো ও মিঠি রূপে এই জুটি প্রশংসা পেয়েছিল। ধারাবাহিক শেষ হলেও ঐশী আর পার্থ আজও একে ওপরের বন্ধু।
সম্প্রতি ঐশীর জন্মদিন উপলক্ষে বিশেষ শুভেচ্ছাবার্তা জানালেন অভিনেতা পার্থ। ঐশীর সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন তিনি।
ঐশীর সঙ্গে কাটানো পুরনো মুহূর্তের স্মৃতিচারণ করে পার্থ লেখেন, শুভ জন্মদিন ম্যাডাম। সময় বড় অদ্ভুত, তাই না? দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে গেল।কত কিছু বদলে গেল, বয়স, অভিজ্ঞতা, ব্যস্ততা… কিন্তু আজও মিঠি প্লুটোর স্মৃতি বহু মানুষের হৃদয়ে আর সর্বোপরি আমার জীবন ক্যানভাসে চির নতুন।
সময় যত এগিয়েছে, নিজের মধ্যে একসাথে আরও এমন একটা কাজ করার লোভ বেড়েছে দ্বিগুণ,জানি সেটা হয়তো পূরণ হবে একদিন, সেই দিনগুলো ভাবলেই মনে হয়, এই তো সেদিন একসাথে কাটালাম,হাসলাম, শিখলাম, স্বপ্ন দেখলাম। আজ বছর ঘুরে আবারও সেই প্রিয় মানুষটার জন্মদিন। প্রার্থনা করি, শুভ হোক সবকিছু,
সফলতার স্বর্ণ শিখরে তোমার নাম হোক, তোমার সৃষ্টিতে প্রাণ পাক শিল্পীর শ্রেষ্ঠত্ব, আরও মানুষের মন জয় করো…অনেক অনেক ভালো থেকো, হাসিতে থেকো।’
প্রসঙ্গত, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’-তে ‘দিঠি’ চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পেয়েছিলেন ঐশী। এরপর জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে ‘গিনি’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। ধারাবাহিকটি শেষ হওয়ার পর ‘অষ্টমী’তেও দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে ‘চিরসখা’ ধারাবাহিকে কমলিনীর মেয়ে ‘মিঠি’ চরিত্রে অভিনয় করেন তিনি। ২০২৬ সালে ধারাবাহিকটি শেষ হওয়ার পর আপাতত ছোটপর্দায় তাঁর নতুন কাজের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
