‘আমাকে সাহায্য করুন প্লিজ… উনি সত্যিই একজন মানসিক ভারসাম্যহীন… জলটা পর্যন্ত খেতে দিচ্ছে না…’, আচমকাই সোশ্যাল মিডিয়ায় কাতর আর্জি অভিনেত্রী প্রিয়া পালের

প্রিয়া পাল

বাংলা সিরিয়ালের পরিচিত মুখ প্রিয়া পাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উদ্বিগ্ন অবস্থায় দেখা গেল অভিনেত্রীকে। চোখে মুখে চিন্তার ছাপ, এমনকি সকলের কাছে কাতর আর্জিও জানিয়েছেন তিনি। ঠিক কি হয়েছে অভিনেত্রীর সাথে? অভিনেত্রীর দাবি, তাকে বার বার এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে মানসিকভাবে ভেঙে পরেছেন তিনি।

ফেসবুক লাইভে এসে প্রিয়া জানান, তার আবাসনের সামনে পথকুকুরদের খাবার এবং জল দেওয়ার কারনেই দিনের পর দিন তাকে নানা সমস্যার মুখে পরতে হচ্ছে। অভিনেত্রীর অভিযোগ তার অনুপস্থিতির সুযোগ নিয়ে রোজ কেউ বাড়ির সামনে অবলাপ্রানীদের জন্য রাখা জল ফেলে দিচ্ছে, এমনকি পাত্রও নষ্ট করে দিচ্ছেন।

অভিনেত্রীর আরও অভিযোগ পাশের আবাসনের এক বৃদ্ধা মহিলা এবং তার মেয়ে নিয়মিত সেই পাত্রের জল উলটে দেন। পাত্রগুলো ভেঙেও দেন। এই কারনে সপ্তাহে তাকে তিন চারটে করে নতুন পাত্র কিনতে হচ্ছে বলেও জানান প্রিয়া।

জল রাখা থাকলে ডেঙ্গু হয়ে যাবে, এই আশঙ্কায় কুকুরদের জল ফেলে দেওয়ার যুক্তি কিছুতেই মেনে নিতে পারছেন না প্রিয়া। তবে অভিনেত্রীর দাবি, তার গৃহ পরিচারিকা নিয়মিত সেই পাত্র পরিস্কার করেন। দিনে তিনবার করে পাত্রের জলও পালটে দেন। তাই জল জমে ডেঙ্গুর আশঙ্কার অভিযোগের সঙ্গে একমত নন তিনি।

একসময় পাশের আবাসনের ওই বৃদ্ধা মহিলাকে সন্মান করলেও বর্তমানে তার আচরণ দেখে সেই সন্মান আর ধরে রাখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি মহিলার আচরণকে মানসিক ভারসাম্যহীন হিসেবেও উল্লেখ করেন অভিনেত্রী।