সকাল থেকেই একের পর এক মৃত্যুসংবাদে মন ভার বাঙালির। নানা পাটেকরের মৃত্যুর পর সামনে এলো আরও এক মন খারাপ করা খবর। বাংলা সংবাদজগতের অতি পরিচিত মুখ, সংবাদ পাঠিকা পাপিয়া সিংহ দেবনাথ আর নেই। দু’দশকের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সঞ্চালিকা হিসেবে কাজ করেছেন পাপিয়া।
বৃহস্পতিবার সকালে কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় ছমাস ধরে মারণরোগে ভুগছিলেন পাপিয়া। কোলন ক্যান্সারের চিকিৎসা চলছিল তাঁর। ১২টি কেমোও নেন পাপিয়া। কেমো শুরু হওয়ার পর থেকে শরীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সেখানেই হার্ট অ্যাটাক হয় পাপিয়ার। তাতেই সব শেষ।

স্পষ্ট উচ্চারণ, মার্জিত ব্যক্তিত্ব এবং গম্ভীর কণ্ঠস্বরের জন্য বাংলা নিউজ অ্যাঙ্করিং জগতে তিনি নিজেকে এক পৃথক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। অবশেষে তাঁর লড়াই থামল। সংবাদ পরিবেশনের মাঝে বহুবার দর্শকদের শোনানো তাঁর সেই পরিচিত সংলাপ ‘ফিরছি বিরতির পরে’— আর শোনা যাবে না। আর কোনোদিনই নিউজরুম বা লাইভ স্টুডিওতে ফেরা হলো না তার। রেখে গেলেন মা, স্বামী ও ছেলেকে। পাপিয়া সিংহের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ এবং টলিপাড়ার বিশিষ্ট ব্যক্তিরা।

