
ফের আরও এক জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু সংবাদ শোরগোল ফেলেছে নেটপাড়ায়। বার্ধক্যের শেষলগ্নে এসে একসময়ের নামী অভিনেত্রীর এই চরম পরিণতিই দেখিয়ে দিল, ক্যামেরার পিছনে জীবন কতটা কঠিন হতে পারে। অভিনয় জীবনে সাফল্য পেলেও অভিনেত্রীর জীবনের শেষ কয়েক বছর ছিল অত্যন্ত যন্ত্রণার। টাকার অভাবে চিকিৎসার ঠাঁই হয়নি হাসপাতালে, কয়েক মাস আগেই ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে থাকতেও দেখা যায় তাকে। পথচারীরা তাকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেয়।
দীর্ঘদিন ধরে পারকিনসন্স, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। পাশাপাশি আর্থিক অনটন তো ছিলই। স্বাস্থ্যের অবনতির কারণে গত কয়েকদিন ধরে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এবং চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মঙ্গলবার, ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় বর্ষীয়ান তেলুগু অভিনেত্রী পাভালা শ্যামালা। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবর তেলেগু চলচ্চিত্র জগৎ এবং তাঁর ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।
প্রায় চার দশকের কেরিয়ারে ২৫০-রও বেশি তেলুগু ছবিতে অভিনয় করেছেন। বিশেষ করে ‘আন্ধারওয়ালা’ ছবিতে ‘পাভালা’ চরিত্রে অভিনয়ের পর থেকেই তিনি ‘পাভালা শ্যামলা’ নামে পরিচিতি পান। তাঁর দীর্ঘ কর্মজীবন এবং স্মরণীয় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে তিনি যে স্থান করে নিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

