
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কটাক্ষের মুখে পড়তে হয় মানসী সেনগুপ্তকে। তবে এবার অভিনেত্রীর একরত্তি ছেলেকে গায়ের রং নিয়ে আক্রমণ করে বসে এক নেটিজেন। শুধু তাই নয়, দুধের বাচ্চাকে নিয়ে মন্তব্য করার সময় ছাড়ালেন সব মাত্রা।
এর আগেও অভিনেত্রীর বৈবাহিক জীবন নিয়ে কম কাটাছেড়া হয়নি। ছেলের জন্মের আগে থেকেই ট্রোলের শিকার অভিনেত্রী। এমনকী, বছরখানেক আগে দিদি নম্বর ১-এ এসে বৈবাহিক জীবনে চলা সমস্যা নিয়ে মুখ খোলায়, মানসীর ছেলের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলতে থাকে কিছু মানুষ। এবার চরম ট্রোলের মুখে অভিনেত্রীর একরত্তি ছেলে।
সম্প্রতি মানসীর একটি পোস্টের তলায় ওই নেটিজেন মন্তব্য করেন, ‘কী বিশ্রি বাচ্চাটা! কালা, মুখের গড়নও সুন্দর না। বাপের মতো বিশ্রি হয়েছে।’ বিষয়টা নজরে আসতেই জবাব দেন মানসী। পাল্টা জবাবে মানসী লেখেন, ‘এই কমেন্টটা আমি চাইলে ডিলিট করতে পারতাম। করব না, কারণ ফেক আইডি দিয়ে কেউ গুরুত্ব পাবার জন্য কী বলল, তাতে গুরুত্ব দেওয়ার সময় আমার নেই।’
ছেলের মাসখানেক বয়স যখন, তখন মানসী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, তিনি আর তাঁর স্বামী ডিভোর্সের পথে হাঁটছেন। আপাতত ছেলে আর মেয়ে দুজনেই থাকে মানসীর সঙ্গে। সদ্য নতুন বাড়িও বানিয়েছেন তিনি।
মানসী সেনগুপ্ত তাঁর পুত্রসন্তানের নাম রেখেছেন অধ্যায়। একইসঙ্গে ছেলের পদবি হিসেবে তিনি নিজের পদবি ব্যবহার করেছেন। ধারাবাহিকের ১০-১২ ঘণ্টার শ্যুটিংয়ের চাপ সামলে, সন্তানদের দায়িত্ব পালন, সংসার সমস্ত কিছু সামলানো খুব একটা সহজ হয় না যদিও। তবে এক্ষেত্রে মানসীর পাশে ঢাল হয়ে থাকেন তাঁর পরিবার, বিশেষ করে বোনেরা। তিনি যখন শ্যুটে থাকেন, সন্তানদের নিশ্চিন্তে রেখে যান বোনেদের কাছে।

